বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বোর্ড অব গভর্নরসের ৪৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী, বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান মোহাম্মদ আমিন-উর-রশিদ।
এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বোর্ড অব গভর্নরসের কো-চেয়ারম্যান সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল হক, নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী, পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের সদস্য (সচিব) মো. মাহমুদুল হোসাইন খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ সাহানা, বিএফআরআইয়ের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বিএফআরআইয়ের পরিচালক ড. মো. লতিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় দেশের মৎস্য গবেষণা কার্যক্রমের অগ্রগতি, আধুনিক প্রযুক্তি ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং গবেষণা খাতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যরা গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে বোর্ডের পক্ষ থেকে মৎস্য খাতের উন্নয়ন ও গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

