ঢাকাSaturday , 20 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই: রেল প্রতিমন্ত্রী

Link Copied!

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, কথায় নয়, কাজের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়তে চাই।

শনিবার (২০ জুন) রাজধানীর সবুজবাগ থানাধীন মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে চায়। প্রধানমন্ত্রীর নির্দেশ— জনগণের পাশে থাকতে হবে, জনসেবা করতে হবে, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে। সরকারি বরাদ্দের অর্থ সংগ্রহ করতে আপনাদের যেন সরকারি দপ্তরে গিয়ে ধরনা দিতে না হয় এজন্য এই চেক বিতরণের জন্য আমরা আপনাদের মাঝে এসেছি।

তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান সুস্পষ্ট। যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত, মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত এবং যারা সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে চায় সরকার তাদের কঠোর হাতে দমন করবে। ব্যক্তিগতভাবে আমি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদককে ঘৃণা করি। এসবের সঙ্গে জড়িত এবং যারা তাদের সহযোগিতা করে তাদেরকেও আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করি। এক্ষেত্রে সরকারের সুস্পষ্ট অবস্থান, তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের স্বার্থে, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিস্তার রোধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমরা আমাদের কাজের মাধ্যমেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো।

এর আগে প্রতিমন্ত্রী একই এলাকায় আব্দুল আজিজ ভূঁইয়া ও বেগম শায়েস্তা নূরানিয়া হাফিজিয়া মাদরাসায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আয়োজনে বিনামূল্যে হেলথ ক্যাম্প উদ্বোধন করেন। খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও মানিকনগর থানা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।