বিনোদন ডেস্ক: বর্তমান সময়ে জগত চলে তেলের জোরে- একথা হাড়ে হাড়ে টের পাচ্ছেন চিত্রনায়ক রিয়াজ। ‘নিজের চাকায় তেল দাও’ প্রাবাদবাক্যের সীমা ছাড়িয়ে এখন সবার চরকায় তেল দেওয়া প্রয়োজন। তা সে স্বার্থসিদ্ধির কারনেই হোক কিংবা স্বাভাবিক জীবনযাপনে।
উপমহাদেশের বিখ্যাত রম্য লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে ‘তেল’ নাটকে অভিনয় করলেন রিয়াজ। নাটকের চিত্রনাট্য লিখেছেন আশরাফুল চঞ্চল এবং পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। নাটকে রিয়াজের সঙ্গে অভিনয় করেছেন তারিন।
নাটক এবং চরিত্র নিয়ে রিয়াজ বলেন, ‘নাটকটি অনেক মজার। নাটকটি দেখে সকলেই নিজের সঙ্গে মেলাতে পারবে। আমি এখানে ছাপোষা কেরানী। স্ত্রী এবং মেয়েকে নিয়ে সংসার। প্রাপ্তি অপ্রাপ্তি মিলিয়ে জীবন যাপন করি। হঠাৎ একজনের বুদ্ধিতে আমি সবাইকে তেল দেওয়া শুরু করি। কারন বর্তমান সময় নাকি তেলেই সব কাজ হয়।’
ঈদের জন্য নির্মাণ করা হয়েছে নাটকটি। ছানাপোনা প্রোডাকশনের ব্যানারে নাটকটি কোন চ্যানেলে যাবে, তা এখনর পর্যন্ত চুড়ান্ত হয়নি।

