স্পোর্টস ডেস্ক : ভারতীয় দলে অমিত সম্ভাবনা নিয়ে এসেছিলেন। মূলতঃ ইরফান পাঠানের আবির্ভাব হয়েছিল বোলার হিসেবেই। ব্যাটেও হাত মন্দ না। কিন্তু বেশি খেতে গিয়ে, কোনটাই গলদকরণ করতে পারলেন না। দুইয়ে মিলে তালগোল পাকিয়ে অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে পাঠান। তবে এবার আশা, আইপিএলের অষ্টম আসরে নজর কাড়া পারফর্ম দিয়ে দলে ফিরতে পারবেন তিনি।
বিভিন্ন দল ঘুরে এবার ইরফান খেলবেন মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসে। এই ফ্রাঞ্চাইজিটি দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে। ভারতের হয়ে সর্বশেষ ২০১২ ওয়াল্ড টি২০ খেলা পাঠান বলেন, ‘আমার স্বপ্ন আবার দেশের জার্সিতে মাঠে নামা। ধাপে ধাপে এগোনোর চেষ্টা করছি। রঞ্জি ট্রফিতে ভাল খেলেছি। আসছে আইপিএলেও ভাল খেলার আশা করছি। ২০১১ সালে লোকজন আমাকে নিয়ে বলেছিল, জাতীয় দলে ফেরা কঠিন হবে। আমি কিন্তু ফিরেছি। আবার সেই একই কথা, আমি জাতীয় দলে ফিরতে চাই।’
কাজটা যে ইরফানের জন্য সহজ হবে না সেটা তিনি ভালো করেই জানেন। ইরফানের কথায়, ‘একাধিক অলরাউন্ডার থাকাটা দলের জন্য ভালো। আমি সিএসকে (চেন্নাই সুপার কিংস) কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে আলোচনা করেছি। তিনি আমাকে ধারণা দিয়েছেন, দলে আমার ভূমিকাটা কী। যদি নিজের কথা বলি, তাহলে বলবো আমি খুবই আত্মবিশ্বাসী। এখন পুরোটাই নির্ভর করছে ধোনির উপর; উনি আমাকে কিভাবে ব্যবহার করবেন। তবে আমি দলের প্রয়োজনে যে কোন ভূমিকা নিতে মানসিকভাবে তৈরি।’
এর আগে ইরফান কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ডেয়ারডেভিলস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন। এবারই প্রথম আইপিএলে ধোনির দলের হয়ে মাঠে নামবেন। এখন দেখাই যাক, ধোনির পরশে ইরফানের জাতীয় দলের দরজা খোলে কি না?

