নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শ্রেণীকক্ষ সঙ্কট ও ল্যাব সমস্যা নিরসনের দাবিতে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি পালন করেছে তিন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
জানা যায়, রোববার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক অফিস আদেশ জারির মাধ্যমে পরিবেশ বিজ্ঞান বিভাগকে ‘ভূতাত্ত্বিক বিজ্ঞান, ইলেকট্রনিক্স ও কম্পিউটার বিজ্ঞান ভবন’র তৃতীয় তলার উত্তর ও দক্ষিণ ব্লকের ২৮,০০০ বর্গফুট স্থান বরাদ্দ দেয়া হয়।
পরবর্তীতে সকাল ১১টার দিকে পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা বরাদ্দকৃত ভবনে উঠতে গেলে ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সামনে অবস্থান নেয়।
পরে বরাদ্দকৃত ভবনে উঠতে না পেরে পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা ভবনের সামনে অবস্থান নিতে শুরু করেন।
এরপর বেলা ২টার দিকে পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও শিক্ষকদের সঙ্গে অবস্থান কর্মসূচিতে যোগ দেন। পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘ দিন ধরে শ্রেণীকক্ষ, সেমিনার গ্রন্থাগার ও রেটরিসহ অন্যান্য সমস্যা নিরসনের দাবিতে গত তিনদিন ধরে মৌনমিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে।
এসময় তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শ্রেণীকক্ষ সঙ্কট ও ল্যাব সমস্যা নিরসনের দাবিতে নিজ বিভাগের ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাবির ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শতাধিক শিক্ষার্থীরা।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা জানান, তাদের শ্রেণীকক্ষ সঙ্কট ও কম্পিউটার ল্যাবের সমস্যা নিরসনের জন্য তারা বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিন বলেন, ‘আমরা আমাদের অধিকার নিশ্চিত না করে আমরা এখান থেকে সরব না। দরকার হলে আমরা এখানে সারারাত অবস্থান করব।’
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হানিফ আলী বলেন, ‘আমরা সমস্যা সমাধানের জন্য জোর প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছি, আশা করি অচিরেই সমস্যার সমাধান হবে।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্ঠা করা হলে, তার একান্ত সচিব জানান, উপাচার্য একটি জরুরি বৈঠকে আছেন।

