স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শেষে ঢাকায় ফিরে লম্বা সময় ধরে ছুটি কাটাতে পারেনি ক্রিকেটাররা। সপ্তাহ খানেক পরই মাঠে ফিরতে হচ্ছে মাশরাফি-মুশফিকদের। সামনে পাকিস্তান সিরিজ। তবে তার আগেই নিজেদের ঝালিয়ে নিতে বিসিএলে খেলবেন পরস্পর লড়াই করবেন তারা। আজ (রোববার) থেকেই শুরু হচ্ছে চার ফ্রাঞ্চাইজির জমজমাট বিসিএল আসর।
বিশ্বকাপ দুর্দন্ত পারফর্ম করেছে বাংলাদেশ। তাই মাশরাফি বাহিনীর কাছে প্রত্যাশাটাও বেড়েছে। যদিও ১৯৯৯ বিশ্বকাপের পর এখনও পর্যন্ত পাকিস্তানিদের হারানো সম্ভব হয়নি। এবার টাইগার ক্রিকেটারদের সামনে দারুণ সুযোগ। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও বিশ্বাস করেন, বিশ্বকাপের পারফরম্যান্স ধরে রাখতে পারলে এবার পাকিস্তানের বিপক্ষে ভালো করা সম্ভব।
১৩ এপ্রিল পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। বিশ্বকাপ শেষে ক্রিকেটাররা একদিকে যেমন ক্লান্ত, তেমনি পর্যাপ্ত বিশ্রামও পায়নি। বিসিএলের জন্য আবারও মাঠে ফিরতে হচ্ছে। তবে এতে শংকিত নন মাশরাফি, ‘বিশ্বকাপ শেষে সবাই বিশ্রাম পেয়েছেন। আমি মনে করি, এখন সবাই খেলার জন্য একরকম প্রস্তুত। যদিও আরেকটু বিশ্রাম পেলে ভালো হতো। কারণ সামনে রয়েছে পাকিস্তান সিরিজ। সবাইকে এমনিতেই মাঠে আসতে হতো। বিশ্বকাপের ফর্ম ধরে রাখতে পারলে আমার বিশ্বাস এবার পাকিস্তানের বিপক্ষে ভালো কিছু করা সম্ভব।’
বিশ্বকাপ শেষে কয়েক দিন বিশ্রাম নিয়েই মাঠে ফিরেছেন মাশরাফি। এমনকি কয়েকদিন অনুশীলনও করেছেন তিনি, ‘আমি নিজে শেষে ৩-৪ দিন অনুশীলন করেছি। সবাই এসেছে। সবাই ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু কওে দিয়েছে। যদিও বিশ্রাম থেকে মাঠে সরাসরি আসাটা খুব কঠিন। সবাই ৩-৪ দিন আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছে, যেন আবার ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত কওে নেওয়া যায়।’
বিসিএল খেলতে গিয়ে উল্টো যদি খেলোয়াড়রা ইনজুরিতে পড়েন। তাহলে তো আবার বিপদ বাড়বে বাংলাদেশের জন্য। কিন্তু পাকিস্তান সিরিজ শুরু হতে আর দু’সপ্তাহও বাকি নেই। আসন্ন এ সিরিজে দৃষ্টি রয়েছে মাশরাফির, ‘পাকিস্তান সিরিজ সামনে। আমাদেরকে এ সিরিজের প্রস্তুতি নেওয়ার জন্য হলেও মাঠে ফিরতে হতো। আমি সে জায়গা থেকে বলেছি, বিসিএলের এ উদ্যোগটা খুবই ভাল। স্পোর্টিং উইকেটে খেলার দরকার আছে। বিশ্বকাপ শেষে নিজেদের মাঠে এসে আবার নিজেদের নতুন করে তৈরি করা নেওয়ার সুযোগ পেলাম।’

