স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সেরা পেসার মোহাম্মদ ইরফানকে আরও ছয় সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঊরুর ইনজুরি থেকে সেরে উঠার জন্য এই দেড় মাস তাকে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
ঊরুর ইনজুরির কারণে ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার মোহাম্মদ ইরফানকে পাকিস্তানের আসন্ন বাংলাদেশ সফরের দল থেকে বাদ দেয়া হয়েছে। একই ইনজুরির কারণে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি ইরফান।
পিসিবির নবনিযুক্ত প্রধান নির্বাচক হারুন রশিদ বলেন, ‘আমরা ইরফানের ওপর নিবিড় পর্যবেক্ষণ করছি। তবে মেডিক্যাল বোর্ড পুনর্বাসন প্রক্রিয়ার জন্য তাকে আরও ছয় সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে।’
প্রধান নির্বাচক আরও বলেন, ‘সে আমাদের অ্যাটাকিং বোলার। সে প্রতি ম্যাচেই খেলতে পারবে না। গুরুত্বপূর্ণ ম্যাচের আমাদের অবশ্যই তাকে ফিট রাখতে হবে।’
বোলিং অ্যাকশনে ত্রুটি থাকার কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন অফ-স্পিনার সাঈদ আজমল। আসন্ন বাংলাদেশ সফরের দলে তাকে নেয়া হয়েছে। আজমলকে নিয়েও কথা বলেন প্রধান নির্বাচক।
পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘সাঈদ আজমল গত কয়েব বছর ধরে আমাদের দলের সেরা বোলারের ভূমিকা পালন করছে। বিশ্বকাপে তার উপস্থিতি ও অভিজ্ঞতা দল খুব মিস করেছে। আমাদের বিশ্বাস, বোলিং অ্যাকশন শোধরানোর পর সে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের চেনা ছন্দে ফিরবে, যদিও এটি তার জন্য খুব একটা সহজ হবে না।’
আসন্ন বাংলাদেশ সফরে আজমল নিজের পুরনো ছন্দ ফিরে পেলে সেটা পাকিস্তান ক্রিকেটের জন্য অসাধারণ ব্যাপার হবে বলে মনে করেন তিনি।

