বিনোদন ডেস্ক : প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক ‘আজ রবিবার’ এর পরিচালক মনির হোসেন জীবন গুরুতর অসুস্থ। গত ২৩ মার্চ ভোর সাড়ে ৪টায় তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন।
পরিচালক মনির হোসেন জীবন ২০১০ ও ১০১৩ সালে দুই দফায় হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে গত ২৩ মার্চ হঠাৎ করে নিজ বাসায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
তার স্ত্রী বলেন, ‘সেদিন ভোর বেলা হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন তিনি এই মুহুর্তে নিরাপদ। তবে দীর্ঘদিন হাসপাতালে থেকে চিকিৎসা করাতে হবে।’
১৯৯১ সাল থেকে নাট্য নির্মাণের সঙ্গে জড়িত রয়েছেন মনির হোসেন জীবন। তিনি দীর্ঘদিন প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রধান সহকারী হিসেবে কাজ করেছেন। তাছাড়া কিছুদিন আগে তিনি একটি চলচ্চিত্র নির্মাণেরও ঘোষণা দেন। তার নির্মিত নাটকগুলোর মধ্যে ‘সবুজ ছায়া’, ‘নিজের সঙ্গে দেখা’, ‘কথা আছে’, ‘চোরকাঁটা’, ‘গুণীন’, ‘আগুন্তক’, ‘আকাশ কুসুম’, ‘থানার নাম শনির আখড়া’ উল্লেখযোগ্য।
নাটক নির্মাণে স্বীকৃতি হিসেবে পরিচালক জীবন অসংখ্য পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে ২০১২ সালে বাবিসাস কর্তৃক শ্রেষ্ঠ নাট্য পরিচালক নির্বাচিত হন।
নাটক ও চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তিনি সাহিত্যচর্চার সঙ্গেও জড়িত রয়েছেন। চলতি বছর অমর একুশে বই মেলায় তার লেখা ‘একটি লাল শাড়ি’ উপন্যাসটি প্রকাশ করে শিখা প্রকাশনী।

