বিনোদন ডেস্ক : আর মাত্র কয়েকদিন পর বাংলা নববর্ষ ১৪২২। তাই সবার মতো নতুন বছরকে বরণ করে নেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। বর্ষবরণের এই আয়োজনের শুরুতেই থাকবে পান্তা ইলিশ।
আগামী ১৪ এপ্রিল অর্থ্যাৎ পহেলা বৈশাখে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এফডিসিতে শুরু হবে বর্ষবরণ উৎসব। সকাল সাড়ে ৮টায় পান্তা ইলিশ দিয়ে সবাইকে স্বাগত জানানো হবে। এর পরপরই সকাল ৯টায় এফডিসি প্রাঙ্গন থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের হবে। এছাড়া দিনব্যাপী থাকবে মুড়ি-মুড়কি ও বৈশাখী মেলা, সেই সঙ্গে পরিচালক সমিতির সদস্যদের পরিবার নিয়ে নানা আয়োজন ও খেলাধুলা। আর দুপুরে বনভোজনের আদলে ভূরিভোজ ছাড়াও বিকেল থেকে এফডিসির জসীম ফ্লোরে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বর্ষবরণ উৎসবের আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র পরিচোলক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে এবার পরিচালক সমিতির বার্ষিক বনভোজনের আয়োজন বাতিল করা হয়। তাই সমিতির সকল সদস্য ও তাদের পরিবার নিয়ে বাংলা বর্ষবরণের আয়োজন করা হয়েছে। আশা করছি পুরনো বছরের জীর্ণতা, দৈন্যতা ভুলে আমরা সবাই মিলে মিশে নতুন বছরকে বরণ করবো।’
এদিকে বাংলা নববর্ষকে বরণ করার জন্য বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বিভিন্ন উপকমিটি গঠন করেছে। তারা আয়োজনটিকে সফল করা জন্যে কাজ করে চলেছে।

