নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে মদের আসর বসিয়েছিলেন বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষকের ছেলেসহ কয়েকজন যুবক। সঙ্গে ছিল নারীও। নারী ও মদ নিয়ে ফুর্তি করার সময় প্রক্টরিয়াল টিম এসে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার দিবাগত রাত ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে সিনেট ভবনের সিঁড়িতে আনন্দ-ফুর্তি করছিল পাঁচ ছেলে ও এক মেয়ে। রাত ১২টার পর সিনেট বন্ধ থাকার কথা। কিন্তু এতোরাতে তাদের উপস্থিতি সন্দেহ জাগায়। কয়েকজন সাধারণ শিক্ষার্থী তাদেরকে দেখে প্রক্টরিয়াল টিমকে খবর দেয়। তারা এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সদুত্তর না পেয়ে আটক করে পুলিশে দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী জানান, সিনেট ভবনের ভেতরে তার মদ ও নেশাজাতীয় দ্রব্য সেবন করছিল। মদ খেয়ে তারা সেখানে আপত্তিকর অবস্থার সৃষ্টি করে।
এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কাজী নুরুল ইসলামের ছেলে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মেয়ে রয়েছে বলে তিনি জানান। মেয়েটি সিনেট ভবন এলাকায়ই থাকেন। তবে তাদের নাম বলতে পারেননি ভারপ্রাপ্ত প্রক্টর।

