বিনোদন ডেস্ক : শুক্রবার সকাল সাড়ে ১০টায় এফডিসিতে নানা রঙের বেলুন উড়িয়ে ‘জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৫’ এর তিনদিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এফডিসির মহাপরিচালক হারুনর রশীদ, সেন্সর বোর্ডের সভাপতি হাসান ইমাম, পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু ও মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, মেহের আফরোজ শাওন, জায়েদ খান, পপি, ওমর সানি, পরিচালক এস এ হক অলিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরপরই এফডিসি চত্বর থেকে বের করা হয় বিশাল এক আনন্দ র্যালী। এটি এফডিসি থেকে সোনারগাঁও হোটেল সড়ক ঘুরে পুনরায় এফডিসিতে ফিরে আসে। এতে চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকশ মানুষ অংশগ্রহণ করে।
উদ্বোধনী বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাত ধরে যাত্রা শুরু করেছিলো বিএফডিসি। তখনকার সময়ে যারা বিএফডিসির সঙ্গে জড়িত ছিল এখন কাজ করতে গিয়ে তাদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। চলচ্চিত্র এখন যে সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে তা খুব শিগগিরই এ অবস্থা থেকে নতুন একটি দিগন্ত উন্মোচন করবে। ’
তিনি আরও বলেন, ‘সত্য কথা বলতে দ্বিধাবোধ করব না। যুগে যুগে সমস্যা ছিলো। কিন্তু এখন সঠিক ইতিহাস চর্চা শুরু হয়েছে। এফডিসি নতুন ভাবে ডিজিটাল করে ভালো চলচ্চিত্র উপহার দিবে।’
বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘অনেক সীমাবদ্ধতার মধ্যেও বেশ ভালো করছে বাংলা চলচ্চিত্র। নতুন প্রযুক্তি ব্যবহার করে ভালো ভালো চলচ্চিত্র উপহার দেয়া সম্ভব। যা বাংলা চলচ্চিত্রকে বিশ্ব অঙ্গনে জায়গা করে নিতে সাহায্য করবে।’
সেন্সর বোর্ডের সভাপতি হাসান ইমাম বলেন, ‘ষাটের দশকে এফডিসি যখন যাত্রা শুরু করেছিলো তখন মাত্র একটি ফ্লোর ছিলো। এখন এফডিসির আধুনিকায়ন করা হয়েছে। এজন্য তথ্য মন্ত্রনালয়কে অনেক ধন্যবাদ। এছাড়া আরও যে যে অসুবিধাগুলো রয়েছে তা খুব শিগগিরই সমাধান করা হবে।’
তথ্যসচিব মরতুজা আহমদ বলেন, ‘এফডিসির সহযোগিতায় তিনদিনব্যাপী জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করছি। এ উদযাপন চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে জড়িত সকলকে আরও উৎসাহিত করবে।’
এছাড়া জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৫ উপলক্ষে একটি অনুষ্ঠানে আগত অতিথিরা বিএফডিসি থেকে প্রকাশিত একটি স্মরণীকার মোড়ক উন্মোচন করেন। অন্যদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এফডিসিতে ডিজিটাল কমপ্লেক্সের উদ্ধোধন করেন। এরপর সকাল ১১টায় এফডিসি ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের যৌথ আয়োজনে ‘ডিজিটাল চলচ্চিত্র: সমস্যা ও সম্ভাবনা’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মরতুজা আহমেদ,হাসান ইমান, মোরশেদুল ইসলাম, ড.ফাহামিদুল হক, জাকির হোসের রাজু, অনিমেশ আইচ, জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। সন্ধ্যায় এফডিসি চত্বরে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া দিনব্যাপী চলচ্চিত্র মেলা, চলচ্চিত্র প্রদর্শনী, স্থিরচিত্র প্রদর্শনী, স্মরণিকা প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য ১৯৫৭ সালের ৩রা এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর ২০১২ সালে এই দিনটিকে প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে উদযাপন করা হয়।

