আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন নৌ-বাহিনীর দুটি জঙ্গি বিমান সংঘর্ষের পর প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। বিমান দু’টির একটির পাইলটকে জীবিত উদ্ধার করা গেলেও আরেকজনের অনুসন্ধান চলছে। নৌ-বাহিনীর একজন মুখপাত্র আজ শনিবার এ তথ্য জানিয়েছেন।
যুদ্ধজাহাজ ইউএসএস কার্ল ভিনসন থেকে উড্ডয়নের পর এফ/এ-১৮সি ভার্সনের বিমান দু’টি মহাসাগরে বিধ্বস্ত হয়।
নৌবাহিনীর কর্মকর্তারা জানান, একটি বিমানের পাইলটকে উদ্ধার করা হয়েছে। তাকে জাহাজেই চিকিৎসা দেয়া হচ্ছে। দ্বিতীয় বিমানের পাইলটকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তার অনুসন্ধান চলছে। তবে ৫৭ মিলিয়ন ডলারের বিমান দু’টির একটিও উদ্ধার করা সম্ভব হয়নি।
নৌ-বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন সপ্তম নৌবহরের ওই যুদ্ধ জাহাজ থেকে বিমানটি নিয়মমাফিক উড্ডয়ন করেছিল।
মুখপাত্র জানান, প্রশান্ত মহাসাগেরের ওয়েক দ্বীপের ৪৬৬ মাইল পশ্চিমে বিমান দু’টি বিধ্বস্ত হয়। মিসাইল ক্রজার ইউএসএস বাংকার হিল এবং কয়েকটি হেলিকপ্টার তল্লাসী চালিয়ে যাচ্ছে।

