তথ্যপ্রযুক্তি ডেস্ক : ৪ এপ্রিল শনিবার সারাদেশে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১২ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। গ্রহণ শেষ হবে রাত ৮টা ৫৯ মিনিটে। বাংলাদেশে আংশিক চন্দ্রগ্রহণ দেখা গেলেও প্রশান্ত মহাসাগর তীরবর্তী অঞ্চল, আলাস্কা ও হাওয়াই থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে। এবারের চন্দ্রগ্রহণটি ১৩২ সরোজ সিরিজের। বাংলাদেশ থেকে পরবর্তী পূর্ণচন্দ্রগ্রহণ দেখা যাবে ২০১৮ সালের ২৭ জুলাই।
যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী একই সরলরেখায় চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। ফলে পৃথিবী থেকে মনে হয় চাঁদ ধীরে ধীরে ঢেকে যাচ্ছে। এটাকেই বলা হয় চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ প্রায় ঘণ্টাকালীন স্থায়ী হয় কারণ চাঁদ ধীরে ধীরে পৃথিবীর ছায়া অতিক্রম করে। গ্রহণ চলাকালীন চাঁদকে অনেকটা তামাটে বা লালচে চাকতির মতো মনে হবে। এর কারণ হল সূর্যের কিছু আলো পৃথিবীর বায়ুমন্ডলের মধ্যে দিয়ে বিচ্ছুরিত হয়ে চাঁদের উপর পড়ে। অন্যান্য রং বিচ্ছুরিত হলেও লাল রং তুলনামূলকভাবে পৃথিবীর বায়ুমন্ডল দিয়ে প্রতিসরিত হয়ে চাঁদের ওপর পড়ে, এই কারণে গ্রহণের চাঁদকে লাল দেখায়।
অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি মো. শাহজাহান মৃধা জানান, সূর্যগ্রহণ খালি চোখে দেখা অত্যন্ত ক্ষতিকর হলেও চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা ক্ষতিকর নয়। চন্দ্রগ্রহণ দেখতে বাইনোকুলার বা টেলিস্কোপ দরকার নেই। তবে ভালোভাবে চন্দ্রগ্রহণ দেখতে হলে এসব যন্ত্রপাতি ব্যবহার করা যেতে পারে। ছবি তোলার জন্য যেকোনো জুম লেন্স ক্যামেরাই যথেষ্ট।
চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের জন্য বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র নানা প্রস্তুতি নিয়েছে। কেন্দ্রীয় ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে ঢাকার আফতাবনগর প্রকল্পের উত্তর প্রান্তে।
আকাশ মেঘমুক্ত থাকলে ক্যাম্প শুরু হবে সন্ধ্যা ৬ টা ১২ মিনিট থেকে। গ্রহণ শেষ হওয়া পর্যন্ত পর্যবেক্ষণ ক্যাম্প সকলের জন্য উন্মুক্ত থাকবে। এই ক্যাম্প থেকে ছবি ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা হবে।
এই জ্যোর্তি বৈজ্ঞানিক ঘটনা যথাযথভাবে পর্যবেক্ষণের জন্য ক্যাম্পে ৮ ইঞ্চি স্মিড ক্যাসিগ্রেইন টেলিস্কোপ থাকবে। ঢাকার বাইরে অনুসন্ধিৎসু চক্র ও অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অব রুয়েট যৌথভাবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ৪ ইঞ্চি মাকসুতভ টেলিস্কোপের মাধ্যমে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে।
চন্দ্রগ্রহণ সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে এই ঠিকানায়:
অনুসন্ধিৎসু চক্রের কেন্দ্রীয় দপ্তর ৪৮/১, দক্ষিণ মুগদাপাড়া, ঢাকা-১২১৪
ইমেইল: achokro@gmail.com, www.achokro.org
ফেসবুক: https://www.facebook.com/Anushandhitshuchokro
মুঠোফোন: ০১৯১৫৯২১৬৬৬, ০১৮১৯৯২৬১৬০

