তথ্যপ্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীর অজান্তেই ফেসবুক কর্তৃপক্ষ নজরদারি করছে। ব্যবহারকারীর উপর নজরদারি করার জন্য কম্পিউটারে কুকি ইনস্টল করে রেখেছে। সম্প্রতি ফেসবুকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।
ব্যবহারকারীদের নজরদারি করতে ফেসবুক গোপনে অ্যাকাউন্টধারীদের কম্পিউটারে কুকি ইনস্টল করে রেখেছে। ফলে ফেসবুক ব্যবহারকারী অ্যাকাউন্ট লগ ইন করে কি কি করছে তার সব তথ্য ফেসবুক সংরক্ষণ করছে। এমনকি কেউ ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিলেও তাকেও রেহাই দেয়া হচ্ছে না।
ইউরোপিয়ান ইউনিয়নের মতে, ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্টের বিপরীতে কুকি ইনস্টল করতে হলে অ্যাকাউন্টধারীদের অবশ্যই তা জানাতে হবে। না হলে গোপনীয়তার নীতি লঙ্ঘিত হবে। যা কিনা আইন ভঙ্গের পর্যায়ে পরে।
ফেসবুক ডটকম ডোমেইনে লগ ইন করা মাত্র ফেসবুক সক্রিয় হয়ে ওঠে। তারা ব্যবহারকারীর কম্পিউটারে কুকি ইনস্টল করে অ্যাকাউন্টধারীকে ট্রাক করতে শুরু করে।
গবেষকরা দাবী করেছেন, ফেইসবুক ডটকম ডোমেইনের যেকোনো পেইজ ভিজিট করা মাত্র ফেইসবুক ওই কম্পিউটারে কুকি ইনস্টলের মাধ্যমে ব্যবহারকারীর অজান্তেই তার অনলাইন কর্মকাণ্ড ট্র্যাক করা শুরু করে। প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনের উদ্দেশ্যেই একাজ করে বলে জানিয়েছেন গবেষকরা।
কুকি ইনস্টল হবার পর সাইটে লগইন করা না থাকলে বা সাইটের নিবন্ধিত ব্যবহারকারী না হলেও মানুষ এই অনলাইন ট্র্যাকিংয়ের শিকার হন।
যদিও ব্যাপারটা ফেসবুক অস্বীকার করেছে। ‘দ্য ইনডিপেনডেন্ট’ পত্রিকাকে ফেসবুক জানিয়েছে, এ ধরণের কাজ তারা কখনোই করে না। উল্টো গবেষণাকারীদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করার অভিযোগ তুলেছে ফেসবুক।
অপর দিকে গবেষণাকারী দল জানিয়েছে, মূলত বিজ্ঞাপনের জন্যই ব্যবহারকারীদের উপর নজরদারী করে ফেসবুক।
বেলজিয়ান ঐ গবেষণাকারী দলের ভাষ্য, তারা প্রতিবেদন প্রকাশের আগে ফেসবুককে সেটা পাঠিয়েছে। কিন্তু ফেসবুক তাদের সঙ্গে যোগাযোগ করেনি।

