ক্রিমিয়ায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় রাশিয়ার ২৯ জন সামরিক সদস্য প্রাণ হারিয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা তাস এই তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি একটি খাড়া পাহাড়ের গায়ে আছড়ে পড়ে।
মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে (জিএমটি ১৫০০) একটি নিয়মিত ফ্লাইটের সময় এএন-২৬ মডেলের বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে অনুসন্ধানকারী দল কৃষ্ণ সাগর উপকূলের পার্বত্য অঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় বিমানে থাকা ৬ জন ক্রু ও ২৩ জন যাত্রী নিহত হয়েছেন। কোনো আরোহীই জীবিত নেই বলে ধারণা করা হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটির ওপর বাইরে থেকে কোনো হামলার (যেমন ক্ষেপণাস্ত্র বা ড্রোন) চিহ্ন পাওয়া যায়নি।
আরও পড়ুন
বিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান : আব্বাস আরাগচি
তাদের বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, কারিগরি বা যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর একটি বিশেষ কমিশন বর্তমানে ঘটনাস্থলে বিস্তারিত তদন্ত চালাচ্ছে।
এএন-২৬ মূলত ১৯৬০-এর দশকের একটি সামরিক পরিবহন বিমান। গত কয়েক দশকে এটি পণ্য ও যাত্রী পরিবহনে জনপ্রিয় হলেও সাম্প্রতিক সময়ে এই মডেলটি বেশ কিছু বড় দুর্ঘটনার কবলে পড়েছে।
সূত্র : রয়টার্স

