ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার চলমান উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। মঙ্গলবার ৩১ মার্চ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা নিম্নমানের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। প্রতিটি প্রকল্পে নির্ধারিত মান বজায় রাখতে মাঠপর্যায়ে তদারকি জোরদারের নির্দেশ দেন তিনি। তিনি আরও জানান, বর্তমানে ডিএনসিসি এলাকায় প্রায় ৩৪৮টি উন্নয়ন কাজ চলমান রয়েছে। এর মধ্যে সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও ফুটপাত নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত। এসব কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রশাসক। মো. শফিকুল ইসলাম খান বলেন, কোনো প্রকল্পে নিম্নমানের কাজ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া নির্বাহী প্রকৌশলীদের নিয়মিত মাঠ পরিদর্শনের মাধ্যমে কাজের অগ্রগতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, উন্নয়ন কাজগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে নগরবাসীর সুফল ভোগ করবে এবং রাজধানীর অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে।

