যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে রাস্তা পার হওয়ার সময় একটি ময়লার ট্রাকের ধাক্কায় ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত প্রাণ হারিয়েছেন। রবিবার (২৯ মার্চ) রাত প্রায় ১২টার দিকে উডসাইড এলাকার রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২তম সড়কের সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটে। নিশাত জান্নাত জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। কাজ শেষ করে রাতে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি।
আরও পড়ুন
ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি
রাত ১১:৫৫ মিনিটের দিকে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় ‘রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস’ কম্পানির একটি বড় ট্রাক তাকে চাপা দেয়। পুলিশ জানায়, ট্রাকটি ডান দিকে মোড় নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ইএমএস কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন। নিশাতের বোন নওশিন জানান, রাতে দেরি হওয়ায় তিনি ফোনের লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছান এবং সেখানে পুলিশ দেখতে পান।
তিনি বলেন, নিশাত ছিল অত্যন্ত আশাবাদী এক মানুষ। সে সবসময় মানুষকে সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখতে বলত। নিশাত তার ৯ ও ৪ বছর বয়সী দুই ছোট বোনকে রেখে গেছেন। ট্রাকটির ৩৮ বছর বয়সী নারী চালক ঘটনাস্থলেই ছিলেন।
সামান্য আঘাত পাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ পুরো বিষয়টি তদন্ত করছে।
ট্রাক মালিকানা প্রতিষ্ঠান ‘রয়্যাল ওয়েস্ট’ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং পুলিশের তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
সূত্র : নিউ ইয়র্ক পোস্ট

