বিনোদন ডেস্ক : অভিনেতা হিসেবে তার রয়েছে সুনাম, নাট্যকার, এবং মঞ্চকর্মী হিসেবেও রয়েছে নাম ডাক। তিনি হচ্ছেন আজাদ আবুল কালাম। এবারই এই বহু প্রতিভার অধিকারী শিল্পী নির্মাণ করছেন টিভি নাটক। তার প্রথম পরিচালিত টিভি নাটকের নাম ‘অসুখের নাম ভালোবাসা’।
১ এপ্রিল থেকে নাটকটির শ্যুটিং শুরু হয়েছে উত্তরার একটি শ্যুটিং বাড়িতে। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, শিরিন আক্তার, তৌফিকুল ইসলাম ইমন, হাসনাত রিপন, বিজরী বরকতউল্লাহ, সানজিদা প্রীতি, রাজীব সাহেলীন প্রমুখ।
প্রথম নাটক নির্মাণ প্রসঙ্গে আজাদ আবুল কালাম বলেন, ‘আমাকে চ্যানেল থেকে বলল নাটকটি বানাতে, ‘বলতে পারেন বাংলাভিশনের উৎসাহে আমি কাজটি করতে সাহস পাই। এর আগে আমি সহকারি পরিচালক হিসেবে কাজ করেছি এবার পূর্ণাঙ্গ পরিচালক। মূলত ভালোবাসার গল্প নিয়েই নাটকটির গল্প ফাঁদা হয়েছে। দর্শক কিভাবে নেবেন সেটাই এখন দেখার জন্য অপেক্ষা করতে হবে।’
আসছে ঈদে নাটকটি বাংলাভিশনে প্রচার হবে বলে জানা যায়।

