স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বর্ষেসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। গত এক বছর ধরে জাতীয় দলের হয়ে অসামান্য নৈপু্ণ্য প্রদর্শন করায় ম্যাককালামকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
ম্যাককালাম বর্ষসেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ জিতলেও সবাইকে ছাড়িয়ে যান কেন উইলিয়ামসন। এই কিউই টপ-অর্ডার ব্যাটসম্যান তিন ফরম্যাটেরই বর্ষসেরা ব্যাটসম্যান ও খেলোয়াড়ের পুরস্কার জিতেন।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে যৌথ সর্বো্চ্চ ২২ উইকেট লাভ করা ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ডের বর্ষসেরা বোলার হিসেবে মনোনীত হন।
২০১৪-১৫ মৌসুমে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে দারূণ খেলছেন ব্রেন্ডন ম্যাককালাম। বিশ্বকাপে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছেন তিনি। যদিও ফাইনালে তার দল বড় ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। গত বছর তার অধীনে টেস্টে নিজেদের ইতিহাসে সেরা সময় পার করে নিউজিল্যান্ড। এক বছরে রেকর্ড পাঁচটি টেস্ট জিতে কিউইরা। তাছাড়া জানুয়ারিতে ভারতের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর নভেম্বরে পাকিস্তানের বিপক্ষেও ডাবল সেঞ্চুরি করেন ম্যাককালাম। নিউজিল্যান্ডর প্রথম ব্যাটসম্যান হিসেবে এক বছরে হাজার রান পূর্ণ করার রেকর্ডও গড়েন তিনি।
কেন উইলিয়ামসনও অসাধারণ সময় পার করছেন নিউজিল্যান্ডের হয়ে। ২০১৪-১৫ মৌসুমে টেস্টে ৩টি সেঞ্চুরি করেছেন উইলিয়ামসন। এই সময় ক্যারিয়ার-সেরা ২৪১ রানের ইনিংসও খেলেন তিনি। ওয়ানডেতেও এই সময় তিনটি সেঞ্চুরি করেন উইলিয়ামসন। টি-টোয়েন্টিতেও সমান ধারাবাহিক ছিলেন উইলিয়ামসন।
২০১৪-১৫ মৌসুমে বোলিংয়ে দুর্দান্ত সময় পার করেছেন ট্রেন্ট বোল্ট। বিশেষ করে বিশ্বকাপে অসাধারণ বোলিং করে ২২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি (যৌথ) বনেন তিনি। দেশটির ইতিহাসে এক বিশ্বকাপে (১৯৯৯) সর্বোচ্চ ২০ উইকেট লাভ করা জিওফ অ্যালটকে ছাড়িয়ে যান বোল্ট। বছরের শুরুতে টেস্টে শততম উইকেট পূর্ণ করেন তিনি।
অন্যদিকে ঘরোয়া ক্রিকেটোর পাশাপাশ জাতীয় দলের হয়ে অসাধারণ ব্যাটিংয়ের জন্য নারী দলের অধিনায়ক সুজি বেটস বর্ষসেরা প্রমীলা খেলোয়াড়েরর জন্য মনোনীত হন। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করার পর জাতীয় দলের হয়ে পাকিস্তান নারী দলের বিপক্ষে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সুজি বেটস।

