স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের পেসার কাইল মিলস সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। জাতীয় দলের সতীর্থ ড্যানিয়েল ভেট্টরি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর একদিন পর মিলস ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন।
১৪ বছরের ক্যারিয়ারে কাইল মিলস অধিকাংশ সময়ই ওয়ানডে র্যাংকিংয়ের সেরা দশ বোলারের তালিকায় ছিলেন। বিদায়বেলায় আবেগ ছুঁয়ে যায় তাকে।
কাইল মিলস বলেন, ’১৪ বছরের বেশি সময় ধরে দেশের হয়ে খেলতে পারাটা সত্যিই অনেক গর্বের ও আনন্দের। ক্রিকেটকে খুব মিস করবো।’
ক্যারিয়ারের ইতি টানার এটাই সেরা সময় বলে জানান এই কিউই পেসার। তিনি বলেন, ‘আমি মনে করি, ক্রিকেটকে বিদায় জানানোর এটাই সেরা সময়। জীবনের বাকি সময়টুকু পরিবারকে দেয়া উচিত যারা আমার প্রিয় ক্রিকেট খেলার জন্য অনেক কিছু ত্যাগ-তিতীক্ষা ও উৎসর্গ করেছে।’
নিউজিল্যান্ডের হয়ে ১৭০ ওয়ানডেতে ২৪০ উইকেট লাভ করেছেন কাইল মিলস। দেশটির ক্রিকেট ইতিহাসে ওয়ানডে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ড্যানিয়েল ভেট্টরি কিউইদের হয়ে সর্বোচ্চ ২৯৭ উইকেট নেন।
এছাড়া দেশের জার্সিতে ১৯ টেস্টে ৪৪ উইকেট লাভ করেন কাইল মিলস। পাশাপাশি ৪২টি টি-টোয়েন্টে ম্যাচে ৪৩ উইকেট দখল করেন তিনি।

