ইরানের সামরিক বাহিনী অঞ্চলটির দেশগুলোকে লন্ডনভিত্তিক টিভি চ্যানেল ‘ইরান ইন্টারন্যাশনাল’কে সহযোগিতা না করার সতর্কতা দিয়েছে। তারা বলেছে, এই চ্যানেলকে সহায়তা করতে ব্যবহৃত কোনো গণমাধ্যম অবকাঠামোকে লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
এক বিবৃতিতে রবিবার গভীর রাতে অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া জানায়, ‘জায়নিস্ট ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক’ অঞ্চলটির কিছু দেশের স্যাটেলাইট সক্ষমতা ও গণমাধ্যম অবকাঠামো ব্যবহার করে উত্তেজনা সৃষ্টি ও ভুয়া বর্ণনা ছড়ানোর কাজ করছে, যা ‘অপরাধী আমেরিকা ও জায়নিস্ট শাসনের লক্ষ্য পূরণে সহায়তা করছে’।
বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা সতর্ক করে দিচ্ছি, যদি আপনারা এই অশুভ ও শয়তানি নেটওয়ার্ককে সহায়তা অব্যাহত রাখেন, তবে এর সঙ্গে সহযোগিতাকারী উপাদানগুলোকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।’ চ্যানেলটি অঞ্চলের কোথায় অবকাঠামো ব্যবহার করছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।
আরও পড়ুন
ইরান হামলা বন্ধ না করলে কূটনৈতিক আলোচনা সম্ভব নয় : কাতার
ইরান ২০২২ সাল থেকে ইরান ইন্টারন্যাশনালকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে তেহরান বলেছে, চ্যানেলটি ‘জায়নিস্ট শাসনের সঙ্গে সম্পৃক্ত’ এবং এর সঙ্গে সহযোগিতা করলে শাস্তির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে।
ইরানি কর্তৃপক্ষ রবিবার অন্তত ১৮ জনকে গ্রেপ্তারের ঘোষণা দেয়, যাদের বিরুদ্ধে ওই চ্যানেলে ছবি ও তথ্য পাঠানোর অভিযোগ আনা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে রয়েছে এবং এর জবাবে অঞ্চলজুড়ে পাল্টা হামলা চালিয়েছে।

