নিষিদ্ধ কনটেন্ট অপসারণে ব্যর্থ হওয়ায় রাশিয়া টেলিগ্রাম মেসেজিং অ্যাপকে তিন কোটি ৫০ লাখ রুবল (প্রায় চার লাখ ৩২ হাজার ডলার) জরিমানা করেছে বলে সোমবার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে।
রুশ কর্তৃপক্ষ বারবার অভিযোগ করেছে, দেশটির অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম অবৈধ ও উগ্রপন্থী কনটেন্ট ছড়ানোর প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তবে টেলিগ্রাম এই অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টা দাবি করেছে, ব্যবহারকারীদের রাষ্ট্র পরিচালিত ‘ম্যাক্স’ নামের একটি অ্যাপে যেতে বাধ্য করতে রাশিয়া তাদের সেবা সীমিত করার চেষ্টা করছে। এর আগে একাধিকবার রুশ আইনের লঙ্ঘনের অভিযোগে টেলিগ্রাম মেসেঞ্জার প্ল্যাটফর্মের গতি কমিয়ে দিয়েছে রাশিয়া।
আরও পড়ুন
ইরানের ৩ শহরে একযোগে বিমান হামলার দাবি ইসরায়েলের
একই সঙ্গে রুশ নাগরিকদের আরো কঠোরভাবে নিয়ন্ত্রিত দেশীয় অনলাইন সেবা ব্যবহারে উৎসাহিত করার চেষ্টা করছে মস্কো। রাশিয়ার আইন মেনে না চললে একাধিক ইন্টারনেট প্ল্যাটফর্মের ওপর জোরপূর্বক গতি কমানো বা সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে আসছে মস্কো।
এই আইন অনুযায়ী, রুশ ব্যবহারকারীদের তথ্য দেশের ভেতরেই সংরক্ষণ করতে হবে এবং মস্কো যেগুলোকে ‘অপরাধমূলক ও সন্ত্রাসী উদ্দেশ্য’ বলে অভিহিত করে, সেসব ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

