যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য ড. আবদুস সাত্তারকে ‘ক্যাডার’ আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।
‘ক্যাডার ভিসির পদত্যাগ চাই’ এমন প্ল্যাকার্ড হাতে নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ছাত্রলীগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছেন তারা।
একই দাবিতে রোববার যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভিসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করা হয়। তবে শুধু উপাচার্যের পদত্যাগ নয়; এসব কর্মসূচিতে ছাত্রলীগ নেতাদের বহিস্কারাদেশ প্রত্যাহার, ক্যাম্পাসে রাজনীতি করতে দেয়াসহ বিভিন্ন দাবিও জানানো হয়।
মানববন্ধনে অংশ নেন যবিপ্রবি ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুজ্জামান রাজন, সহ-সভাপতি শাকিল আহম্মদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান, হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফরমান মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক সিমন আল হিমেল, সমাজকল্যাণ সম্পাদক মোস্তাফা তারেকসহ শিক্ষার্থীরা।
এদিকে, চলমান পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক হওয়ার কথা রয়েছে। যশোরের সার্কিট হাউজে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক হায়াতুজ্জামান মুকুল।
উল্লেখ্য, গত বছর ১৬ মে সুব্রত বিশ্বাসকে সভাপতি ও এসএম শামীম হোসেনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি গঠন হয়। এ নিয়ে অন্তর্কোন্দলে জড়িয়ে পড়ে ছাত্রলীগ। আর ওই বছর ১৪ জুলাই খুন হন পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র নাইমুল ইসলাম রিয়াদ।
এরপর ১৩ সেপ্টম্বর বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সভায় রিয়াদ খুনের ঘটনার জের ধরে যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম হোসেনকে স্থায়ী বহিষ্কার করা হয়। এছাড়া পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ফয়সাল তানভীরকে দুই বছর ও শারীরিক শিক্ষা বিভাগের ছাত্র আজিজুল ইসলামকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
গত ২৪ মার্চ বহিষ্কৃত ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক যশোর কারাগার থেকে মুক্তি পেলে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, ভিসির পদত্যাগসহ বিভিন্ন দাবিতে ২৮ মার্চ ক্যাম্পাসে মিছিল করে ছাত্রলীগ। একই দাবিতে ২৯ মার্চ মিছিল ও সংবাদ সম্মেলন করে। এর একদিন পরে ৩১ মার্চ মানববন্ধন করা হয়।

