বিনোদন ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণের মেয়ে মৃত্তিকা গুণ নির্মাণ করছেন তার প্রথম চলচ্চিত্র ‘কালো মেঘের ভেলা’। এরই মধ্যে ছবিটির ৭০ ভাগ শুটিং শেষ হয়েছে। বর্তমানে সম্পাদনার টেবিলে দেখা হচ্ছে শুটিংকৃত দৃশ্যগুলো। চলছে যাচাই বাছাই। এপ্রিল থেকে আবার শুরু হবে এ ছবির শুটিং।
সরকারি অনুদানের এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মলেন্দু গুণের লেখা উপন্যাস কালো মেঘের ভেলা অবলম্বনে নির্মাণ হচ্ছে। এর চিত্রনাট্য লিখেছেন ফারুক হোসেন।
ছবির, গল্পে দেখা যাবে একটি ছেলে কমলাপুর রেল স্টেশনে বেড়ে ওঠে। এরপর গল্পে একটি পর্যায়ে দেখা যাবে ছেলেটির মা দ্বিতীয় বিয়ে করে। কিন্তু ছেলেটির সৎ বাবা তাকে ছেলে হিসেবে মেনে নিতে পারে না এবং বিভিন্নভাবে তাকে নির্যাতন করে। এ দৃশ্য তার মা সহ্য করতে পারে না। এরপর ছেলেটির মা ট্রেনে তুলে দিয়ে বলে অজানা গন্তব্যে চলে যেতে। ছেলেটি ট্রেনে উঠার বুঝতে পারে না কোথায় গিয়ে নামবে। এরপর সে গিয়ে নামে একটি গ্রামে। গ্রামে গিয়ে কাউকে চিনে না এবং সেই সঙ্গে বুঝতেও পারে না আশেপাশের পরিবেশ। তখন সে প্রত্যেকটি মুহূর্তে বুঝতে পারে মা এবং ছেলের মধ্যে যে একটি আত্বিক বন্ধন রয়েছে। এরপর গল্পের এক পর্যায়ে ছেলেটি একটি সময়ে গিয়ে ভাবে সে তার মায়ের কাছে যাওয়ার জন্য আকাশে কালো মেঘের ভেলা হয়ে ঘুরে বেড়াবে।’
মৃত্তিকা গুণ বলেন, যেহেতু কালো মেঘের ভেলা আমার প্রথম ছবি সেহেতু এর মধ্যে অনেক স্বপ্ন থাকে। এটিতো আমার প্রথমকাজ তাই করতে অনেক ধরনের প্রতিবন্ধকতার স্বীকার হতে হচ্ছে। এছাড়া যেভাবে করতে চাই সেভাবেও অনেক সময় করতে পারি না। মানসিক একটা চিন্তার মধ্যে থাকি সবসময়।’
তিনি আরও বলেন, এ ছবিতে তো আউটডোরে অনেক শ্যুটিং করতে হবে। এ পর্যন্ত যতটুকু করেছি বেশ কষ্ট করতে হয়েছে। আমার পুরো দলটি বেশ সুন্দর ও যত্ন নিয়ে কাজটি করছে। ছবিটি নিয়ে আমি এখন স্বপ্নের মধ্যে আছি। যেহেতু এটা আমার প্রথম চলচ্চিত্র তাই চেষ্টা করব ভালো করার।’
ছবিটিতে মোট দুটি গান থাকছে। এরমধ্যে একটি গান গেয়েছেন আজম বাবু আর লিখেছেন ফারুক হোসেন। এছাড়া বাকি গানটি কে গাইবে তা এখনো চূড়ান্ত হয়নি।ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মনিরা ইউসুফ মেমী, রুনা খান, আপন, ফাহিম, গোলাম মোস্তফা, হারুনুর রশীদসহ আরও অনেকে।

