বিনোদন ডেস্ক : সোমবার ‘থার্ডবেলডটকম’ নামে নতুন একটি অনলাইন টেলিভিশন যাত্রা শুরু করেছে। এতে অনুষ্ঠান পরিচালক(নন-ফিকশন) হিসেবে রয়েছেন অভিনেত্রী নওশিন। অন্যদিকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন অভিনেতা হিল্লোল। এই দম্পতির ভাষ্যমতে এটিই বাংলাদেশের প্রথম এন্টারটেইনমেন্ট ভিডিও পোর্টাল। তাই এখন থার্ডবেল নিয়েই তাদের যত স্বপ্ন।
গেল বছরের ২০ নভেম্বর পরীক্ষামূলক সম্প্রচারে আসে ‘থার্ডবেলডটকম’। অনলাইনে বাংলা ভাষাভাষী মানুষের জন্য বিনোদন ও লাইফস্টাইলের প্রায় সব ধরনের আয়োজন থাকছে এই ওয়েব সাইটে। এর মধ্যে নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র, মিউজিক ভিডিও, রিয়ালিটি শো, সেলিব্রিটি আড্ডা, লাইভ কনসার্টসহ নানা ধরনের আয়োজনকে প্রাধান্য দেয়া হবে। তাছাড়া লাইফস্টাইল ক্যাটাগরিতে থাকছে রান্না, রূপচর্চা, ফ্যাশন, ভ্রমণসহ নানা আয়োজন।
প্রতিষ্ঠানটি প্রসঙ্গে হিল্লোল বলেন, ‘গত ১৫ দিন ধরে পরীক্ষামূলক ভাবে অনুষ্ঠানের পাশাপাশি বিজ্ঞাপন প্রচার করেছি। এবার বাণিজ্যিক ভাবে এর যাত্রা শুরু হলো। তাই এখন থেকে প্রতিটি অনুষ্ঠানের শুরুতে একবার বিজ্ঞাপন প্রচার করা হবে।’
অনুষ্ঠান প্রসঙ্গে হিল্লোল আরো বলেন, ‘আমাদের কাছে তিনশ থেকে সাড়ে তিনশ ঘণ্টার অনুষ্ঠানের আর্কাইভ রয়েছে। পাশাপাশি এটিএন বাংলায় প্রচারিত ‘ডলস হাউজ টু’ নামের একটি ধারাবাহিক নাটক ও ‘রূপচাঁদা সুপার সেফ’ নামের একটি অনুষ্ঠানের সবগুলো পর্বই আমাদের এখানে প্রচার করা হবে।’
দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে এই অভিনেতা জানান, পরীক্ষামূলক সম্প্রচারে আসার পর থেকেই দর্শকের সাড়া মিলছিলো। কারণ ব্যস্ততার কারণে কেউই ঘড়ি ধরে অনুষ্ঠান দেখতে পারে না। ইতিমধ্যে অনলাইন টেলিভিশনটির দর্শক ট্র্যাফিক চার থেকে পাঁচ হাজারে পৌঁছেছে।

