
নিজস্ব প্রতিবেদক :
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘অসচ্ছল জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা দেয়া সরকারের দান বা বদান্যতা নয়; এটি নাগরিকদের প্রতি রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আইনগত সহায়তা পাওয়া দরিদ্র মানুষের অধিকার।’
শনিবার রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত ‘আইনগত সহায়তার ক্ষেত্রে সরকারি ও এনজিও উদ্যোগের অংশীদারিত্বের মাধ্যমে ন্যায়বিচার লাভ’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এবং কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রকল্পের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, ‘দরিদ্র মানুষকে আইনি সহায়তা দেয়ার ক্ষেত্রে দেশের অনেক এনজিও উদাহরণ সৃষ্টি করেছে।’ একইসঙ্গে আইন সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারে দেশি-বিদেশি এনজিওর অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি ।
মানসম্মত আইনি সেবা নিশ্চিত করাকে বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আইনমন্ত্রী।
তিনি বলেন, ‘এই চ্যালেঞ্জ মোকাবেলায় ইতোমধ্যে প্রশিক্ষণমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সেবার মান বৃদ্ধির জন্য আইনজীবীদের উৎসাহিত করতে প্যানেল আইনজীবীদের ফি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন জেলায় সেরা প্যানেল আইনজীবী পুরস্কার প্রদান করা হচ্ছে।’
আনিসুল হক বলেন, ‘মামলাজট থেকে বিচার ব্যবস্থাকে মুক্ত করতে জেলা লিগ্যাল এইড অফিসকে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) কেন্দ্রস্থল হিসেবে কাজে লাগানোর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
অনুষ্ঠানে ডিএফআইডি-বাংলাদেশের সিনিয়ির গভর্নেন্স অ্যাডভাইজার রিচার্ড বাটারওয়ার্থ, কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রকল্পের টিম লিডার হেক্টর ডিয়াজ সলিমান, আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব এএসএসএম জহিরুল হক, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম বক্তব্য দেন।

