ঢাকাSunday , 22 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্র্যামি মনোনীত সালসা সংগীতের পথিকৃৎ উইলি কোলন আর নেই

বিনোদন ডেস্ক
February 22, 2026 6:46 pm
Link Copied!

আমেরিকার নিউইয়র্কের সালসা আন্দোলনের কিংবদন্তি, গ্র্যামি মনোনীত সংগীতশিল্পী উইলি কোলন আর নেই। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ৭৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পরিবারের বিবৃতিতে বলা হয়েছে, প্রিয়জনদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে বিদায় নিয়েছেন এই কিংবদন্তি শিল্পী। সেখানে উল্লেখ করা হয়, ‘আমরা তার অনুপস্থিতিতে শোকাহত হলেও, সংগীতে তার কালজয়ী অবদান এবং স্মৃতিগুলো চিরকাল বেঁচে থাকবে।’
উইলি কোলন ১৯৫০ সালের ২৮ এপ্রিল নিউ ইয়র্কের ব্রঙ্কসে জন্মগ্রহণ করেন। মাত্র ১৬ বছর বয়সে ‘এল ম্যালো’ অ্যালবামের মাধ্যমে সংগীতজীবন শুরু করেন। কণ্ঠশিল্পী হেক্টর লাভোর সঙ্গে জুটি বেঁধে ল্যাটিন সংগীতকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলেন। বিশেষ করে ১৯৬৯ সালে প্রকাশিত ‘চে চে কোলে’ অ্যালবাম সালসা সংগীতের ইতিহাসে মাইলফলক হিসেবে স্বীকৃত।
দীর্ঘ ক্যারিয়ারে ৪০টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেছেন উইলি কোলন। বিশ্বজুড়ে বিক্রি হয়েছে ৮০ লাখের বেশি রেকর্ড। ৮ বার গ্র্যামি মনোনয়ন পেয়েছেন এবং একাধিক প্ল্যাটিনাম ও গোল্ড রেকর্ড অর্জন করেছেন।
সংগীতশিল্পী ছাড়াও তিনি ছিলেন সক্রিয় সমাজকর্মী ও রাজনৈতিক সংগঠক। ল্যাটিনো জনগোষ্ঠীর অধিকার আদায়ে তিনি সোচ্চার ভূমিকা রেখেছেন। এছাড়া ‘মিয়ামি ভাইস’ এবং ‘দ্য লাস্ট ফাইট’র মতো চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছেন।
উইলি কোলনের প্রয়াণে শুধু ল্যাটিন সংগীতপ্রেমী নয়, বিশ্বসংগীতপ্রেমীরাও শোকস্তব্ধ। সালসার জগতের এই কিংবদন্তির অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।