শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। ৮ ফেব্রুয়ারি রোববার কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। তবে ম্যাচ চলাকালীন হাসারাঙ্গা চোট পেয়েও তার বোলিং কোটা সম্পন্ন করেন, ৪ ওভারে ২৫ রান দিয়ে তিনি ৩টি উইকেট নেন। তার দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ডকে ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে বেশ কষ্ট করতে হয়।
এমআরআই স্ক্যানে তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট ধরা পড়ে, যা পর্যালোচনা করেন একজন ব্রিটিশ বিশেষজ্ঞ চিকিৎসক। এর ফলে মঙ্গলবার নিশ্চিত হয় যে, তিনি বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন।
জানা গেছে, হাসারাঙ্গার এই চোট আগের হ্যামস্ট্রিং চোটের সঙ্গে সম্পর্কিত হলেও এটি আগের মতো মারাত্মক নয়। সম্প্রতি তিনি বিভিন্ন ধরনের পায়ের সমস্যায় ভুগছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনও আনুষ্ঠানিকভাবে তার বদলি ঘোষণা করেনি, তবে তার জায়গায় স্কোয়াডে লেগস্পিন অলরাউন্ডার দুশান হেমান্থা অন্তর্ভুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ৩১ বছর বয়সী হেমান্থা আন্তর্জাতিক অঙ্গনে খুব বেশি সুযোগ পাননি, তবে তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি রেট ৭.৮৫। শ্রীলঙ্কা তাকে সরাসরি একাদশে জায়গা দিতে পারে, কারণ দলে অন্য কোনো অতিরিক্ত স্পিনার নেই।
হাসারাঙ্গার চোট শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ তিনি দলের সবচেয়ে নির্ভরযোগ্য বোলার ছিলেন। টি–টোয়েন্টি বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল চমকপ্রদ, ২০ ইনিংসে ৪০ উইকেট নিয়ে তার ইকোনমি রেট ছিল মাত্র ৬.০১।
শ্রীলঙ্কার পরবর্তী গ্রুপ ম্যাচ ১২ ফেব্রুয়ারি, পাল্লেকেলেতে ওমানের বিপক্ষে। পরে ১৬ ফেব্রুয়ারি একই ভেন্যুতে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৯ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে।
সূত্র- ইএসপিএনক্রিকইনফো

