আন্তর্জাতিক ডেস্ক
মোসলমান ছেলেরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করছে- এমন বিতর্ক তুলেছেন ক্ষমতাসীন বিজেপি নেতারা। একে তারা ব্যাঙ্গ করে ‘লাভ জেহাদ’ বলে আখ্যায়িত করেছেন।
ভারতে সংখ্যালঘুদের নিয়ে এমন আপত্তিকর ও আক্রমণাত্মক মন্তব্য করে ব্যাপক আলোচিত হয়েছেন বিজেপির এমপি যোগী আদিত্যনাথ। অথচ দলটির শীর্ষ নেতা রাজনাথ সিংহ নাকি জানেন না ‘লাভ জেহাদ’ কী?
শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ‘লাভ জেহাদ’ সংক্রান্ত প্রশ্নের জবাব এড়িয়ে বলেন, তার নিজেরই ব্যাপারটা বোঝা হয়ে ওঠেনি। এ ব্যাপারে তার কোনো ধারণা নেই।
বিজেপির নেতারা হিন্দু মেয়েদের মুসলিম যুবকদের থেকে দূরে থাকতে সাবধান করে দিয়ে যেসব বিবৃতি দিয়ে চলেছেন, শুক্রবার সাংবাদিকরা সে প্রসঙ্গে রাজনাথের প্রতিক্রিয়া চাইলে তিনি হেসে বলেন, ‘আরে ইয়ে হ্যায় কেয়া। হামে নেহি মালুম!’ তার এ মন্তব্যে হাসির রোল ওঠে।
মুসলিমরা প্রেমের ফাঁদে ফেলে হিন্দু মেয়েদের বিয়ে করে ধর্মান্তরিত করছে- লক্ষ্মীকান্ত বাজপেয়ী, যোগী আদিত্যনাথের মতো একাধিক বিজেপি নেতার এমন অভিযোগের প্রেক্ষাপটে বারবার রাজনাথকে লাভ জেহাদ নিয়ে প্রশ্ন করা হয় এদিন। কিন্তু তিনি একটাই কথা বলেন, ‘আমার কোনও ধারণাই নেই এ ব্যাপারে।’
ন্যাশনাল শ্যুটার তারা সচদেও স্বামীর বিরুদ্ধে মুসলিম পরিচয় লুকিয়ে বিয়ে করা, তাকে ধর্ম বদলাতে চাপ দেয়া, অত্যাচারের অভিযোগ তোলার পরই ‘লাভ জেহাদ’ নিয়ে ভারতে হইচই শুরু হয়েছে। বিজেপির সহযোগী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) অভিযোগ, ভারতীয় সমাজে অস্থিরতা ছড়াতে অত্যন্ত সুকৌশলে ‘লাভ জেহাদ’ চলছে। সঙ্ঘের তাত্ত্বিক নেতা রাকেশ সিনহা দাবি করেন, লাভ জেহাদ নতুন কিছু নয়। সমাজে তা বরাবরই চলছে। তফাৎ হলো, আগে শোরগোল হতো না, এখন হচ্ছে।

