বিনোদন ডেস্ক : নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী বেলাল খান ও পূজা। পহেলা বৈশাখ উপলক্ষে গানটি তৈরি করা হয়েছে। একটি মিশ্র অ্যালবামে প্রকাশ পাবে তাদের গাওয়া নতুন গানটি। শিল্পীরা জানান, এটি প্রেমের গান নয়। চিরায়ত বাংলার সৌন্দর্য তুলে ধরা হয়েছে রঙিলা বৈশাখ শিরোনামের গানটিতে।
‘দিকে দিকে তল্লাটে তল্লাটে/ হৈ হৈ হৈ হৈ হল্লাতে হল্লাতে/ বাজা ঢাক-ঢোল বাজা বাজারে/ নাচে গানে সাজো রানী রাজারে/ এসেছে নতুন ভোর/ খোলো খোলো দোর/ শুনে যাও জীবনেরই ডাক/ এলোরে এলোরে রঙিলা বৈশাখ-’ এমন কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। এর সুর ও সঙ্গীতায়োজন করেছেন বেলাল খান ও প্রীতম হাসান।
গান তৈরির পরপরই এর ভিডিওচিত্র তৈরি করা হয়েছে। এটি নির্মাণ করেছেন সিনেআর্টের শুভব্রত সরকার। গত ২৭ মার্চ এর দৃশ্যধারণ হয়েছে এফডিসিতে। গানটিতে মডেল হয়েছেন নাদিয়া ও নিয়াজ। তাদের পাশাপাশি এতে নৃত্য করেছে একটি পেশাদার নাচের দল। গানটির চিত্রগ্রহণ করেছেন সাহিল রনি। ১ এপ্রিল থেকে রঙিলা বৈশাখ গানটি বিভিন্ন টিভি চ্যানেলসহ ইউটিউবে দেখা যাবে। গান গাওয়ার পাশাপাশি ভিডিওচিত্রেও অংশ নিয়েছেন বেলাল ও পূজা।
বেলাল খান বললেন, ‘পূজার সঙ্গে এর আগে একটি প্রেমের গানে কণ্ঠ দিয়েছিলাম। এবার গাইলাম বৈশাখের গান। আশা করছি শ্রোতারা নতুন গানটি পছন্দ করবেন।
পূজা বললেন, ‘এটি অনেকটা নাচের গান। শুনলেই নাচতে ইচ্ছে করে। ভিডিওচিত্রে আমাকেও নাচতে দেখা যাবে। আশা করছি, বৈশাখের গানটি সবার ভালো লাগবে।’

