বিনোদন ডেস্ক: চার বছর বয়সে ছেলেকে রেখে বিদেশ পাড়ি দেন মা। এর মাঝে কেটে যায় চব্বিশটি বছর। সময় হয় দেশে ফেরার। ততদিনে মা ও ছেলের মাঝে তৈরি হয়ে গেছে দূরত্ব এবং চিন্তা ভাবনায়ও এসেছে অনেক পরিবর্তন। মা দিবসের জন্য মা ও ছেলের এমনি এক গল্প নিয়ে নির্মাণ হচ্ছে এক ঘণ্টার নাটক ‘দূরত্ব’।
নাটকটি রচনা করেছেন শাহাদাত রাসএল এবং পরিচালনা সাবিনা আনমন ও শাহাদাত রাসএল।
পরিচালক বলেন, ‘মূলত মা ছেলের মাঝখানে এক জাদুকরের গল্প নিয়েই নাটকটি। মাকে নিয়ে অনেক ভাবলেও কখনো মা বিষয়ক কোন কাজ করা হয়ে ওঠেনি, কেননা মা ছেলের সম্পর্ক নিয়ে কোন কাজ করার কথা ভাবলেই সব গল্পগুলো গতানুগতিক আবেগ নির্ভর মনে হতো। এবার একটা ঝুঁকি নিয়েই লিখে ফেললাম, তবে গতানুগতিক সিনেমাটিক মা ছেলের সম্পর্কের বিপরীতে দাঁড়িয়ে একটা এন্টি সিনেমাটিক নাটক বানাচ্ছি। আশা করি দর্শকদের ভালো লাগবে’।
নাটকটিতে অভিনয় করেছেন সজল, পিয়া বিপাশা, শম্পা রেজা, শেলী আহসান ও রাফিন কামাল। ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে এবং খুব শিগগিরই চ্যানেলে সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন পরিচালক।

