ঢাকাWednesday , 21 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রস্তুত, যে কোনো সময় প্রকাশ

Link Copied!

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রস্তুত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই তা প্রকাশ করা হবে।
অধিদপ্তর সূত্র বলছে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল পুরোপুরি প্রস্তুত। মঙ্গলবার (২১ জানুয়ারি) যে কোনো সময় এ ফল প্রকাশ করা হতে পারে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বিকেল ৫টার দিকে জাগো নিউজকে বলেন, ‘সব কাজই শেষ। দুদিন আগেই ফল তৈরির কাজ শেষ হয়েছে। যাচাই-বাছাই চলছিল। পাশাপাশি পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগের বিষয়টি তদন্ত চলছিল। গোয়েন্দা সংস্থা ও সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। এখন ফল প্রকাশে আর কোনো বাধা নেই।’
কখন ফল প্রকাশ করা হতে পারে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে সন্ধ্যার পর অধিদপ্তরের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হতে পারে। নির্দেশনায় দেরি হলে কিছুটা দেরি হতে পারে। তবে বুধবার রাতেই ফল প্রকাশের সম্ভাবনা বেশি।’
যেভাবে ফল জানা যাবে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (www.dpe.gov.bd) প্রবেশ করে তা জানতে পারবেন। এছাড়া নির্বাচিত প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) এক হাজার ৪০৮টি পরীক্ষাকেন্দ্রে একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে এবং ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।