ঢাকাSunday , 11 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরো বাড়তে পারে শীত

Link Copied!

শীতের তীব্রতা কিছুটা কমলেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখনো ৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। এর সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে শীত বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে সার্বিকভাবে শীতের অনুভূতি আরো জোরালো হতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, বর্তমানে যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দুই দিন দেশের কোথাও কোথাও এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তিনি আরো বলেন, রোববার ও সোমবার (১১-১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে শুষ্ক থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এই দুই দিন দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রোববার রাতে তাপমাত্রা সামান্য বাড়লেও সোমবার রাতে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিকে মঙ্গলবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বুধ ও বৃহস্পতিবার (১৪-১৫ জানুয়ারি) দিনের তাপমাত্রা আরো সামান্য কমতে পারে। এসব দিনেও আবহাওয়া শুষ্ক থাকবে এবং কুয়াশার প্রবণতা বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।