নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জেন্ডার, ডাইভার্সিটি অ্যান্ড ডেভলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের কনফারেন্স রুমে এ সম্মেলনটি শুরু হয়। আগামী ২৯ মার্চ পর্যন্ত সম্মেলন চলবে।
ভারত, নেপাল, পাকিস্তান, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র থেকে আসা প্রখ্যাত গবেষকরা এতে অংশ নিচ্ছেন। এছাড়াও দেশের বুদ্ধিজীবী, গবেষক, সমাজবিজ্ঞানী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, নারী আন্দোলনকর্মী, প্রাশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবিসহ প্রায় পাঁচ শতাধিক ব্যক্তি সম্মেলনে যোগ দিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবি উপার্চায অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমিরেটাস অধ্যাপক ড. নাজমা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড ব্যাগবার্ড, ইউএসএইড প্রোগ্রাম অফিস থমাসের পরিচালক থমাস ক্যারেস। স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্সের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের পরিচালক ড. তানিয়া হক।

