স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ায় দেশটির বিভিন্ন অংশে ক্ষুব্ধ সমর্থকরা টেলিভিশন সেট ভেঙে ফেলেছে। বিভিন্ন জায়গায় ভারতীয় ক্রিকেটারদের পোস্টার আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে তারা।
ভারতের কানপুরে ক্ষুব্ধ সমর্থকরা টিভি ভেঙে ফেলা ছাড়াও ভারতীয় দলের বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি, অশ্বিনসহ বিভিন্ন ক্রিকেটারদের ছবিতে আগুন ধরিয়েদেয়।
ক্রিকেটপ্রেমীরা ‘ধোনি-কোহলি মুর্দাবাদ’সহ নানা ধরনের স্লোগান দিতে শুরু করেন। গয়া, পূর্ণিয়া, মুজাফফরপুর, আওরঙ্গাবাদ, পাটনায় সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন। উত্তর-প্রদেশের কানপুর, গোরখপুর প্রভৃতি স্থানে সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন।
বিহারের পাটনায় টেলিভিশন সেট প্রকাশ্য রাজপথে এনে ভাঙচুর করেন এক ভক্ত। বিহারের বিভিন্ন স্থানে এক ডজনের বেশি টেলিভিশন সেট ভেঙে ফেলা হয়েছে। কয়েকটি স্থানে ক্ষুব্ধ সমর্থকদের বিক্ষোভ হটাতে পুলিশকে লাঠি চালাতে হয়েছে।
অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পাটনায় অনেক রাত পর্যন্ত রাস্তায় পুলিশকে টহল দিতে হয়েছে। রাঁচিতে অধিনায়ক ধোনির বাড়ির সামনে সম্ভাব্য বিক্ষোভ মোকাবিলা করতে সেনাবাহিনীর জওয়ানরা টহল দিচ্ছে।
এদিকে অস্ট্রেলিয়া ৩২৮ রান করার পরে ভারতের জয়ের আশায় তামিলনাড়ুর সুধাকর নামে এক যুবক ছুরি দিয়ে নিজের জিভ কেটে মন্দিরে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করেন। গুরুতর আহত অবস্থায় তাকে তার পরিবারের লোকজন এবং বন্ধুরা হাসপাতালে ভর্তি করে।
হতাশ ক্রিকেটপ্রেমীদের মনোবল চাঙ্গা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্য বলেছেন, ‘জয় এবং পরাজয় জীবনেরই অঙ্গ। গোটা টুর্নামেন্টে টিম ইন্ডিয়া দারুণ ক্রিকেট খেলেছে। আমরা ওদের জন্য গর্বিত।’

