বিনোদন ডেস্ক:পশ্চিমবাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষের নির্দেশনায় ‘শঙ্খচিল’ চলচ্চিত্রের অভিনয়ের জন্য গত ২৩শে মার্চ থেকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী ইছামতি নদীর পাড়সহ বিভিন্ন লোকেশনে ব্যস্ত সময় পার করছেন।
এপ্রিল মাসের শেষ সপ্তাহে শ্যুটিং শেষ করে ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে। ভারতে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে থাকছে প্রসেনজিৎতের প্রযোজনা সংস্থা আর্শিবাদ চলচ্চিত্র। এছাড়া বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম যৌথভাবে ‘শঙ্খচিল’চলচ্চিত্রটি নির্মাণ করছে। ‘শঙ্খচিল’ চলচ্চিত্রটিতে বাংলাদেশের প্রখ্যাত নাট্যব্যাক্ত্বি ও অভিনেতা মামুনুর রশিদ ও বাংলাদেশের মডেল ও চিত্রনায়িকা কুসুম শিকদার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
প্রসেনজিৎ গত ২২ মার্চ সাতক্ষীরায় আসেন। বাংলাদেশের সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ কোমরপুর, টাউন শ্রীপুর হাইস্কুল ও দেবহাটা বিজিবি ক্যাম্প এলাকাকে শ্যুটিং করার লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে। এছাড়া ভারতীয় অংশের উত্তর চব্বিশ পরগনা জেলার টাকী এলাকার মূল শুটিংয়ের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।
শঙ্খচিল চলচ্চিত্রটিতে প্রসেনজিৎ চ্যাটার্জি ও কুসুম শিকদার ছাড়াও উষশী চক্রবর্তী, অরিন্দম শীল, অনুম রহমান খান, দীপংকর দে, প্রিয়াংশু চট্টোপাধ্যায়,রোজি সিদ্দিকীসহ আরও অনেকে অভিনয় করেছেন। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন সায়ন্তনী পুততুন্ড।
এর আগে পরিচালক গৌতম ঘোষ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘পদ্মা নদীর মাঝি’ এবং ‘মনের মানুষ’ ছবি দুটি পরিচালনা করেছেন। ১৯৪৭ সালে অবিভক্ত ভারত-পাকিস্তান দেশভাগ এবং তার পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকার মানুষের যে সুখ-দু:খের গল্পে নিয়েই নির্মিত হবে ‘শঙ্খচিল’ চলচ্চিত্র। দেশভাগের ফলে দুই দেশের মানুষের দুঃখকে সবচেয়ে ভালো ফুটিয়ে তুলেছিলেন আরেক বিখ্যাত উপমহাদেশের পরিচালক ঋতিক ঘটক।

