নিজস্ব প্রতিবেদক: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার চারুকলা অনুষদ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের প্রায় সাড়ে ৪শ’ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। সকাল ৯টা থেকে শুরু হয়ে এ প্রতিযোগিতা চলে দুপুর ১২টা পর্যন্ত।
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঢাকার উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ‘মুক্তিযুদ্ধ ও ঢাকা’র ওপর চিত্রাঙ্কন করতে হয়। এতে বিজয়ীদের মধ্যে প্রথম ৫ জনকে পুরস্কৃত করা হবে। আর বাকি সবাইকে সনদ প্রদান করা হবে।
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পর্কে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশ্যান অব ঢাকার সাধারণ সম্পাদক রায়হান ফেরদৌস বলেন, ‘আমরা চাই দেশের শিক্ষারর্থীদের মাঝে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে। তারা যাতে আমাদের বীর মুক্তিযুদ্ধ ও দেশ নিয়ে ভাবেন’।
তিনি আরও বলেন, ‘আমাদের এটা যেহেতু ঢাকার শিক্ষার্থীদের সংগঠন তাই আমরা চাই শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধকালীন ঢাকা নিয়ে চিন্তা করুক এবং দেশের স্বার্থে নিজেদের নিয়োগে আত্মবিশ্বাসী করে গড়ে তুলুক।’

