মাদারীপুর প্রতিনিধি: বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ তাই কোমলমতি শিশুদের পাঠদান করা হচ্ছে খোলা আকাশের নিচে।
বছরের পর বছর ধরে কালকিনি উপজেলার দুর্গম এলাকার ৩৭নং দক্ষিণ চলবল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন পরিস্থিতির শিকার হয়ে আসলেও কেউ তাদের নতুন করে বিদ্যালয় ভবন নির্মাণের ব্যবস্থা করেনি। তবে সমস্য সমাধানে ঊধ্বর্তন কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিরা শুধু বিদ্যালয় ভবন পরিদর্শন ও আশার বাণী শুনিয়েই যাচ্ছেন। কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।
ভুক্তভোগী শিক্ষার্থী মিরা মধু, বৃষ্টি ভক্ত, সিথি মণ্ডল, তুর্য জয়ধর, লাকি হালদার, পাপড়ী হালদারসহ ২০/২৫ জন ছাত্র/ছাত্রী বলে, একটু বৃষ্টি ও জোড়ে বাতাস আসলেই আমরা স্কুল থেকে ভয়ে বাড়ি চলে যাই। এতে আমরা শিক্ষা গ্রহণে পিছিয়ে পড়ছি।
আক্ষেপ করে স্কুলের প্রধান শিক্ষক সমির কান্তি বিশ্বাস বলেন, ‘আমরা এ বিষয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষদের জানালে তারা ভবন পরিত্যক্ত ঘোষণা করে কিন্তু নতুন ভবন নির্মাণে কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা বলেন, ‘আমরা উক্ত বিদ্যালয়টির নতুন ভবনের জন্য আবেদন করেছি।’

