স্পোর্টস ডেস্ক : গ্রান্ট ইলিয়টের একটি ছক্কা নিউজিল্যান্ড দলকে স্বপ্নের ফাইনালে উত্তীর্ণ করলো, দেশটির ক্রিকেট ইতিহাসের নায়ক বনে গেলেন এক ইনিংসেই। কিন্তু ফাইনালে উঠার পর বোনের কাছে ক্ষমা চাইতে হলো তাকে। বিশ্বকাপের কারণে যে ছোট বোনের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না ইলিয়ট।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে ২ বলে যখন ৫ রান দরকার ছিল তখন মিড উইকেট দিয়ে ছক্কা মেরে দলকে ফাইনালে নিয়ে যান ইলিয়ট। অস্ট্রেলিয়া-ভারত সেমিফাইনালে জয়ী দলটির সঙ্গে ২৯ মার্চ মেলবোর্নে ফাইনাল খেলবে নিউজিল্যান্ড। তার আগের দিন ইলিয়টের বোনের বিয়ে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ ফাইনালের কারণে সেখানে উপস্থিত হতে পারবেন না বলে বোনের কাছে ক্ষমা চান এই কিউই তারকা।
সেই ঘটনা বর্ণনা করে ইলিয়টের বোন কেট ইলিয়ট বলেন, ‘ম্যাচ শেষে সে আমার সঙ্গে দেখা করতে আসে। এসময় সে আমাকে জড়িয়ে ধরে বললো, ‘আমি অত্যন্ত দুঃখিত কেট। জবাবে আমি তাকে হাসিমাখা কণ্ঠে বললাম, ‘এই দুঃসাহস (বিয়েতে যোগদান না করা) দেখিও না।’
কেট ইলিয়ট জানান, নিউজিল্যান্ড ফাইনালে উঠার পর তার জানা হয়ে গেছে যে সে তার বিয়েতে থাকতে পারবে না। এজন্য খুব খারাপ লাগছিল গ্রার্ট ইলিয়টের বোনের। তবে ভাইয়ের স্বপ্ন পূরণ হওয়ায় আনন্দও ছুঁয়ে যায় তাকে।
কেট বলেন, ‘মুহুর্তটি ছিল অসাধারণ। মিশ্র অনুভূতি ছুঁয়ে যায় আমাকে। শনিবারের বিয়েতে গ্রান্ট থাকতে পারবে না ভেবে আমি বেশ কিছুক্ষণ কেঁদেছি। কিন্তু সে দলকে ফাইনালে তুলেছে, তার স্বপ্ন পূরণ করেছে সেটা ভেবে আমাকে রোমাঞ্চও ছুঁয়ে যায়।’

