স্পোর্টস ডেস্ক : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত বৃহস্পতিবার সেমিফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। টানা সাত ম্যাচ জিতে সেমিতে উঠা ধোনির দল জয়ের ধারা অব্যাহত রেখে ফাইনালে উঠার জন্য সামর্থ্যের সবটুকে ঢেলে দিবে তা বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে সিডনিতে নিজেদের মাঠে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারানো ধোনির দলের জন্য সহজ হবে না। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিপক্ষের মাঠে গিয়ে নিউজিল্যান্ডের কাছে হেরে গেলেও নিজেদের মাঠে একটি ম্যাচও হারেনি মাইকেল ক্লার্কের দল। গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে এসে শুরু থেকে ধুঁকতে থাকা ভারত এখন কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে, রয়েছে দুর্দান্ত ছন্দে। ফলে জমজমাট লড়াই হবে বলেই মনে হচ্ছে।
সেমিফাইনালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া ফেভারিট হিসেবে মাঠে নামলেও চার কারণে ধোনির দল ক্লার্কের দলকে হারিয়ে ফাইনালে উঠতে পারে। কারণগুলো হলো-
ভারতের ছন্দ: সেমিফাইনালে আসার পথে ভারত টানা সাতটি ম্যাচ জিতে রয়েছে দুর্দান্ত ছন্দে। বিশ্বকাপের আগে ধোনিদের যেই বোলিং নিয়ে সমালোচনা হয়েছে বিস্ময়করভাবে সেই বোলিং লাইনই এবারের বিশ্বকাপের অন্যতম সেরা পারফেরমেন্স দেখিয়ে আসছে। একমাত্র দল হিসেবে সাত ম্যাচের সাতটিতেই প্রতিপক্ষকে অলআউট করতে সক্ষম হয়েছেন মোহাম্মদ শামি ও অশ্বিনরা। টপঅর্ডার ব্যাটসম্যানরাও রয়েছেন ফর্মে। শেখর ধাওয়ান, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না নিয়মিতই রান পাচ্ছেন। সেরা ফর্মে না থাকলেও বড় ম্যাচে সব সময় জ্বলে উঠেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত কিছু করে ফেলতে পারেন তিনি। যদি ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি দল হিসেবে খেলতে পারে তবে তাদের কেউ থামাতে পারবে না।
পরিচিত কন্ডিশন ও পরিবেশ: গত বছরের নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় অবস্থান করে অসংখ্য ম্যাচে খেলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ইতোমধ্যেই কন্ডিশনের সঙ্গে তারা নিজেদের ভালো করে মানিয়ে নিয়েছে। সিডনির পিচ স্পিনারদের জন্য সহায়ক হবে বলে মনে হচ্ছে। অশ্বিন ও জাদেজা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বড় পরীক্ষা নিবে পারে সেমিতে। অশ্বিন ১২ ও জাদেজা ৯ উইকেট নিয়ে ভালো ফর্মেই রয়েছে। অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ স্পিনার বলতে রয়েছে এক জাভিয়ের দোহার্টি। তবে ফর্মে ফেরার জন্য তাকে লড়াই করতে হচ্ছে। অন্যদিক পার্ট-টাইম স্পিনার গ্লেন ম্যাক্সওয়েলকে সামলাতে কষ্ট হওয়ার কথা নয় ভারতীয় ব্যাটসম্যানদের।
দর্শকদের সমর্থন: অস্ট্রেলিয়ার মাঠ সিডনিতে সেমিফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হলেও ভারতীয় সমর্থকদের আধিক্য দেখা যেতে পারে বৃহস্পতিবারের ম্যাচে। আয়োজকদের ধারণা, ৪২ হাজার দর্শক ধারণ-ক্ষমতার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রায় ৭০ শতাংশ আসন ভারতীয় দর্শকদের দখলে থাকবে। ফলে সিডনির মাঠকে ভারতীয় দর্শকরা কলকাতার ইডেন গার্ডেন বানিয়ে ফেলবেন সেটি আর বলার অপেক্ষা রাখে না।
ইংল্যান্ডের বার্মি আর্মির আদলে গঠিত ভারতীয় সমর্থকগোষ্ঠী ‘স্বামী আর্মি’র প্রতিষ্ঠাতাদের একজন কার্তিক আয়ালাসোমায়াজুলা আগেই ঘোষণা দিয়ে রেখেছেন, ‘বৃহস্পতিবারের সেমিফাইনাল ম্যাচের আবহটা অস্ট্রেলীয়দের জন্য কঠিনই হবে। এই দেশ তাদের মাটিতে তাদের দল ছাড়া অন্য দলের প্রতি সমর্থন বা এমন বিরুদ্ধ পরিবেশ আগে কখনও দেখেনি। এটি তাদের কাছে বিদেশের মাটিতে খেলা ম্যাচের মতোই মনে হবে।’
ইউনিট হয়ে খেলছে ভারত: ভারতীয় দলের সার্বিক চিত্র এখনও পর্যন্ত খুবই ভালো। ওপেনিংয়ে শেখর ধাওয়ান ঝড় তুলছে, ইতোমধ্যে দুটি সেঞ্চুরি করে ফেলেছে সে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ফর্মে ফিরেছেন রোহিত শর্মাও। বিরাট কোহলি সেই অর্থে ফর্মে নেই। তবে বড় ম্যাচেই তাকে আমরা প্রায় সময় জ্বলে উঠতে দেখেছি। সুরেশ রায়না, আজিঙ্কা রাহানে ও ধোনি দলের প্রয়োজনীয মুহুর্তে রান করছেন। যদি ভারতের বোলাররা বিশেষ করে পেসাররা টুর্নামেন্টে যেই ধরনের বোলিং নৈপুণ্যে দেখিয়েছেন সেমিতেও সেই ধারা অব্যাহত রাখতে পারেন তবে ম্যাচটি ভারতের অনুকূলেই যেতে পারে।

