বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাচ্ছে ‘বাপজানের বায়োস্কোপ’। রিয়াজুল রিজুর পরিচালনায় এ ছবিটি ইতোমধ্যে আমন্ত্রণ পেয়েছে টরেন্টো চলচ্চিত্র উৎসবে। এই মে মাসে উৎসবে যোগ দিতে ছবিটি নিয়ে দেশ ছাড়বেন পরিচালক।
মুক্তির আগেই বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেবে ছবিটি। কয়েকটি উৎসব কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছে, আরও কয়েকটি উৎসবে জমা দেওয়া হয়েছে ‘বাপজানের বায়োস্কোপ’। তবে দেশে মুক্তির ব্যাপারে এখনও কিছু চূড়ান্ত হয়নি।
ছবি মুক্তি প্রসঙ্গে পরিচালক রিয়াজুল রিজু বলেন, ‘আমাদের দেশে ছবি মুক্তি নিয়ে কিছু আমলাতান্ত্রিক সমস্যা আছে। তাছাড়া সিনেমা হল এবং পরিবেশক নিয়ে ভাবতে হয়। প্রথমত আমার ছবিটি তথাকথিত বাণিজ্যিক ঘরানার নয়। দ্বিতীয়ত, অভিনয় শিল্পী ও কলাকুশলীরা প্রায় কেউই মূল ধারার চলচ্চিত্র ঘরানার নয়। তাই বেশ কিছু প্রতিকূলতায় পড়ছে হয়েছে। অবশ্য বেশিরভাগই অনুকূলে আনা সম্ভব হয়েছে।’
ছবিটির শুটিং হয়েছে সিরাজগঞ্জের লাঙলঘেরা চর, দৌলতদিয়া পতিতাপল্লী’সহ বেশ কিছু লোকেশনে। ছবিটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সানজিদা তন্ময়, মৌটুসী, মাসুদ মহিউদ্দিনসহ আরো অনেকে। মাসুম রেজার চিত্রনাট্যের পাশাপাশি ছবিটির জন্য গান লিখেছেন আমিরুল ইসলাম, অয়ন চৌধুরী, মাসুদ মহিউদ্দিন এবং সংগীতায়োজন করেছেন এস আই টুটুল, সেতু চৌধুরী, অমিত মল্লিক। ছবিটির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন চন্দনা মজুমদার, এস আই টুটুল, শিমুল খান, মাসুদ মহিউদ্দিন, অমিত মল্লিক, ফকির জহির উদ্দীন।
প্রথম ছবি মুক্তির আগেই দ্বিতীয় ছবির পরিকল্পনা করছেন রিয়াজুল রিজু। ছবিটির প্রিপ্রোডাকশনের কাজ নিয়েই আগামী কিছুদিন ব্যস্ত সময় কাটাবে তার কর্মীদল। গবেষণা ভিত্তিক চিত্রনাট্য হবে বলে আগে থেকেই চলছে প্রস্তুতি। এ ছবিতে নতুন কিছু অভিনেতা অভিনেত্রীকে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।

