স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে অপরাজিত দল হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উত্তীর্ণ হলো নিউজিল্যান্ড। শ্বাসরুদ্ধকর ম্যাচে এক বল বাকি থাকতে প্রোটিয়াদের হারায় কিউইরা। ২৬ বলে ৫৯ রানের নান্দনিক ইনিংস খেলে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। দলের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। তবে প্রতিপক্ষ দলের প্রশংসা করতেও কুণ্ঠাবোধ করেননি কিউই অধিনায়ক।
মঙ্গলবার ম্যাচ শেষে সাক্ষাৎকারে ম্যাককালাম বলেন, ‘অসাধারণ জয়। দক্ষিণ আফ্রিকাও দুর্দান্ত খেলেছে। অসাধারণ ম্যাচটি ক্রিকেটের জন্য বড় বিজ্ঞাপন হয়ে থাকবে। যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা এই ম্যাচটি আজীবন মনে রাখবেন। বোলিং-ফিল্ডিংয়ের পর আমাদের ব্যাটিংটাও দারূণ হয়েছে। বিশেষ করে, গ্রান্টের (ইলিয়ট) ইনিংসটি ছিল অসাধারণ। তবে আজকের ম্যাচ-সহ গোটা টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা যেভাবে খেলেছে তাতে করে তাদের কৃতিত্ব দিতেই হবে।’
দল এখন ‘স্বর্ণালি’ সময় পার করছে বলে জানান ম্যাককালাম। নিউজিল্যান্ড দল বিশ্বকাপ উপভোগ করছে বলেও জানান তিনি।
ম্যাককালাম বলেন, ‘আমরা জীবনের সেরা সময় পার করছি। বিশ্বকাপটা দারূণ উপভোগ করছি। আমরা নিজেদের সহজাত খেলা উপহার দেয়ার চেষ্টা করেছি। দর্শকরা যেই সমর্থন দিয়েছেন তাতে গোটা দল অভিভূত। তারা (দর্শকরা) এই দিনটির জন্যই স্বপ্ন দেখে আসছিল।’
বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া ও ভারত মুখোমুখি হবে। জয় পাওয়া দলটির সঙ্গে ২৯ মার্চ মেলবোর্নে ফাইনাল খেলবে ব্রেন্ডন ম্যাককালামের নিউজিল্যান্ড। তবে ফাইনালের প্রতিপক্ষ কে হবে তা নিয়ে কোনো মাথা-ব্যথা নেই কিউই দলপতির।
ম্যাককালাম বলেন, ‘শিরোপা জয় হবে অসাধারণ অর্জন। ফাইনালের প্রতিপক্ষ কারা হবে তা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। তারা (অস্ট্রেলিয়া-ভারত) দুটি দলই সমান যোগ্যতা-সম্পন্ন। তবে আমি মনে করি, এই ছন্দ অব্যাহত রাখতে পারলে শিরোপা জয়ের ভালো সুযোগ থাকবে আমাদের। নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত।’

