বিনোদন ডেস্ক : পাগল তোর জন্যেরে, এক মুঠো স্বপ্ন, ভালোবাসি হয়নি বলা, তোমার ছোঁয়া শিরোনামের গানগুলোর মাধ্যমে আলোচনায় আসেন হালের জনপ্রিয় শিল্পী বেলাল খান। বর্তমানে গান গাওয়ার পাশাপাশি সুরকার হিসেবেও বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।
এই ব্যস্ততাটা চলচ্চিত্রকেন্দ্রিকই বেশি। একাধিক ছবির গানের কাজ করছেন তিনি। এর বাইরে লিজা, সিঁথি সাহাসহ একাধিক শিল্পীর অ্যালবামের কাজ করছেন বেলাল। তবে পহেলা বৈশাখেই নিজের ক্যারিয়ারের দ্বিতীয় একক অ্যালবাম প্রকাশের কথা ছিল তার। কিন্তু বিভিন্ন কারণে সেটা আর হচ্ছে না। অ্যালবামটি চলতি বছরের রোজার ঈদে প্রকাশ করবেন বলেই জানিয়েছেন তিনি। তবে বেলাল ভক্তদের নিরাশ হওয়ার কারণ নেই। পহেলা বৈশাখ উপলক্ষে এরই মধ্যে একটি গানের কাজ শেষ করেছেন তিনি। গানটির নাম ‘দহন’। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর করেছেন ফাজবীর তাজ ও সংগীতায়োজন করেছেন রাফি।
বিরহের এ গানটির রেকর্ডিং সম্প্রতি সম্পন্ন হয়েছে। রাব্বিকীনের কথা-আয়োজনে পহেলা বৈশাখে প্রকাশ হতে যাওয়া একটি তারকাবহুল মিশ্র অ্যালবামে ‘দহন’ গানটি স্থান পাবে। এ বিষয়ে বেলাল খান বলেন, অনেক দিন পর মনের মতো একটি গান করলাম। কথা-সুর-সংগীতায়োজনের দিক দিয়ে অনেক ভিন্নধর্মী। আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। গানটি শ্রোতাদের এই অস্থির সময়ে কিছুটা হলেও প্রশান্তি দেবে বলে আমার বিশ্বাস।

