ঠাকুরগাঁওয়ে ঠিকাদারদের তোপের মুখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস অফিস ছেড়ে পালিয়ে যান। সোমবার (২০ অক্টোবর) বিকেলে এলজিইডি কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ ঘটনা ঘটে। জানা গেছে, জেলার বিভিন্ন এলাকার প্রায় ৪ শতাধিক ঠিকাদার ১৬টি কাজের টেন্ডারে অংশ নিতে ওইদিন অফিসে উপস্থিত হন। টেন্ডারগুলোর ওপেনিং ডেটও ছিল সোমবারই। নিয়ম অনুযায়ী তারা প্রায় ৬৯ লাখ টাকার পে-অর্ডার জমা দিয়েছিলেন। কিন্তু হঠাৎ নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস জানিয়ে দেন, টেন্ডারগুলো বাতিল করা হয়েছে এবং বাতিল সংক্রান্ত কাগজপত্র ইতোমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে। এ সময় ক্ষুব্ধ ঠিকাদাররা টেন্ডার বাতিলের কারণ জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী কোনো উত্তর দিতে রাজি হননি বলে অভিযোগ উঠে। এতে ঠিকাদাররা ক্ষোভে ফেটে পড়েন এবং বৈঠকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে ঠিকাদারদের তোপের মুখে নির্বাহী প্রকৌশলী মিলনায়তন ত্যাগ করে চলে যান। ঠিকাদাররা অভিযোগ করেন, “কোনো পূর্বঘোষণা বা কারণ ছাড়াই হঠাৎ টেন্ডার বাতিল করা হয়েছে। এতে আমাদের বড় ধরনের ক্ষতি হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে টেন্ডার বাতিলের সঠিক কারণ ও সমাধান না দিলে আমরা নির্বাহী প্রকৌশলীর রুমে তালা ঝুলিয়ে দেবো।” তারা আরও অভিযোগ করেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে তিনি এখানে এসে সে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছেন এবং তাদের ঘনিষ্ঠ ঠিকাদারদের বিল পরিশোধ করেছেন। এখনো তিনি একই কৌশল অবলম্বন করছেন।” নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস অফিস ত্যাগের পর দীর্ঘ সময় তার কক্ষে তাকে বা তার কোনো স্টাফকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঢাকা থেকে আসা নির্দেশনা অনুযায়ী কাজ করেছি।” তবে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ তিনি অস্বীকার করেন। ঠাকুরগাঁওয়ের ঠিকাদার সমাজ জানিয়েছে, এই ঘটনায় তারা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছেন।

