দুই দশকের মধ্যে এবার এইচএসসি পরীক্ষায় সবচেয়ে কম পাসের হার রেকর্ড হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৭ দশমিক ১২ শতাংশ— যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ পয়েন্ট কম। অর্থাৎ এবার প্রায় ৪৩ শতাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
২০০৫ সালের পর এটাই সর্বনিম্ন পাসের হার। সেই বছর পাসের হার ছিল ৫৯ শতাংশের কিছু বেশি। এরপর থেকে প্রায় প্রতি বছরই ফল উন্নতির দিকে ছিল।
এবার ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন। পাশাপাশি জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা নেমে এসেছে ৬৩ হাজার ২১৯ জনে, যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেক।
শিক্ষাতথ্য ব্যুরো (ব্যানবেইস) জানায়, গত দুই দশকে পাসের হার সাধারণত ৭০ থেকে ৮০ শতাংশের মধ্যে ছিল। কোভিড-১৯–এর সময় ও পরবর্তী বছরগুলোতে এই হার একসময় ৯৫ শতাংশ ছাড়ালেও এবার তা একেবারে ৬০ শতাংশের নিচে নেমে এসেছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি বিষয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
গত বছর স্থগিত পরীক্ষাগুলো ‘বিষয় ম্যাপিং’-এর মাধ্যমে মূল্যায়ন করা হয়েছিল, ফলে অনেকের প্রত্যাশা ছিল এবার পাসের হার আরও বাড়বে। কিন্তু বাস্তবে উল্টো ফল এসেছে।
শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে ৩৪৫–এ দাঁড়িয়েছে, যা গত বছর ছিল ১ হাজার ৩৮৮। অন্যদিকে, শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে হয়েছে ২০২টি।

