ভারতের ক্রিকেটভক্তদের কাছে প্যাট কামিন্স যেন এক দুঃস্বপ্নের নাম। ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপ- দুই ফাইনালেই অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন এই অধিনায়ক। ওয়ানডে বিশ্বকাপে তো বলেকয়ে ভারতকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছেন। তাই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এখনো ভুলতে পারেননি কামিন্সের সেই দাপট।
এদিকে লম্বা সময় পর আবার ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। তবে এ সিরিজে খেলা হচ্ছে না কামিন্সের। পিঠের চোটের কারণে আসন্ন ওয়ানডে সিরিজে খেলছেন না তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে ভারত সিরিজের আগে তাকে বিশ্রামে রাখা হয়েছে অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে। কিন্তু বিশ্রামে থাকলেও মজার মন্তব্য আর হালকা ঠাট্টায় সিরিজকে আরও আকর্ষণীয় করে তুলেছেন এই অজি অধিনায়ক।
সম্প্রতি স্টার স্পোর্টসের এক প্রমো শুটে অজি অধিনায়ককে জিজ্ঞেস করা হয় ভারত ও অস্ট্রেলিয়ার সম্মিলিত সর্বকালের সেরা একাদশ বানাতে হলে তিনি কাদের রাখবেন। তবে তিনি শর্ত রাখেন- বর্তমানে যারা ওয়ানডে ক্রিকেটে সক্রিয়, তাদের অন্তর্ভুক্ত করবেন না। অর্থাৎ, বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা জসপ্রিত বুমরাহদের জায়গা হয়নি এই তালিকায়।
ফলে কামিন্সের তৈরি এই একাদশে আধিপত্য করেছে অস্ট্রেলিয়ান কিংবদন্তিরা। ভারত থেকে জায়গা পেয়েছেন মাত্র তিনজন- শচীন টেন্ডুলকার, এমএস ধোনি ও জহির খান। সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়ের মত কিংবদন্তিদেরও জায়গা হয়নি এ তালিকায়।
কামিন্সের সর্বকালের ভারত–অস্ট্রেলিয়া মিলিত একাদশ
ডেভিড ওয়ার্নার, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, স্টিভ স্মিথ, শেন ওয়াটসন, মাইকেল বেভান, এমএস ধোনি, শেন ওয়ার্ন, ব্রেট লি, জহির খান, গ্লেন ম্যাকগ্রা।
অবশ্য কামিন্সের এমন দলে আশ্চর্যের কিছু নেই। ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ওয়ানডে ইতিহাসে সবচেয়ে সফল দল, যেখানে ভারতের শিরোপা সংখ্যা মাত্র দুই। তবে ভারতীয় ভক্তরা কিছুটা হতাশ যে একাদশে মাত্র তিনজন ভারতীয়ই জায়গা পেয়েছেন। অনেকেই হয়তো অবাক হয়েছেন কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেবের নাম না দেখে- যিনি ভারতের প্রাথমিক ওয়ানডে যুগে দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন এবং একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতেন।

