ঢাকাTuesday , 14 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নকল-ভেজালে বাজার সয়লাব, মান নিয়ন্ত্রণে নজরদারির ঘাটতি

Link Copied!

বাংলাদেশে মান নিয়ন্ত্রণে এখনও বড় ঘাটতি: বাধ্যতামূলক মানসনদ মাত্র ৩১৫টি পণ্যে

বাংলাদেশে পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণের পরিস্থিতি এখনো সন্তোষজনক নয়। ভোক্তাদের অভিযোগ, প্রত্যাশিত মান না পাওয়ায় প্রায়ই নকল ও নিম্নমানের পণ্য ও সেবার মুখোমুখি হতে হয়।

দেশে হাজারো পণ্য বাজারে থাকলেও বর্তমানে বাধ্যতামূলক মানসনদের আওতায় রয়েছে মাত্র ৩১৫টি পণ্য। এদের মধ্যে খাদ্যপণ্য ১১৫টি, কেমিক্যাল ৭৫টি, যন্ত্রপাতি ৪৪টি, পাট ও বস্ত্র ৩১টি এবং ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য ৫০টি।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার পণ্যের মান নির্ধারণ করেছে, যার মধ্যে বেশিরভাগই স্বেচ্ছামূলক। বাধ্যতামূলক মানসনদের সংখ্যা চার দশকে ৩১৫টিতেই সীমিত রয়েছে।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অর্গানাইজেশনের (এফএও) নীতিমালা অনুসরণ করেই মান নির্ধারণ করা হয়। তবে স্থানীয় কিছু পণ্যের আন্তর্জাতিক মান না থাকায় মান প্রণয়নে সময় লাগে।

বিএসটিআইয়ের পরিচালক (সিএম) সাইফুল ইসলাম বলেন, “অনেক স্থানীয় পণ্যের জন্য আইএসও বা কোডেক্সে মান পাওয়া যায় না। ফলে দেশীয় প্রেক্ষাপটে মান নির্ধারণ করতে সময় লাগে।”

দুর্বল নজরদারি বড় সমস্যা
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, শুধু মান প্রণয়ন নয়, এর নজরদারি ও বাস্তবায়নও দুর্বল।
ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, “মানসনদ থাকা সত্ত্বেও বাজারে নিম্নমানের ও ভেজাল পণ্য সয়লাব। বিএসটিআইয়ের নজরদারি কার্যক্রম দুর্বল হওয়ায় ভোক্তারা প্রতারিত হচ্ছেন।”

বিএসটিআই অবশ্য দাবি করেছে, বাধ্যতামূলক পণ্যের জন্য নিয়মিত বাজার ও কারখানাভিত্তিক তদারকি, ভ্রাম্যমাণ আদালত ও লাইসেন্স বাতিলের ব্যবস্থা চালু রয়েছে।

‘ফুড সেফটি প্যারামিটার’ চালু হচ্ছে
খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে সীমাবদ্ধতা কাটাতে বিএসটিআই নতুন উদ্যোগ নিয়েছে — ‘ফুড সেফটি প্যারামিটার’।
এর মাধ্যমে কৃষি, মৎস্য, দুগ্ধসহ সব খাদ্যপণ্যের তাপমাত্রা, পিএইচ, আর্দ্রতা, রাসায়নিক ও শারীরিক বৈশিষ্ট্যের নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হবে, যাতে উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত হয়।

বিএসটিআই পরিচালক সাইফুল ইসলাম বলেন, “এই প্যারামিটার কার্যকর হলে সব খাদ্যপণ্যের নিরাপত্তা ও মান নিশ্চিত করা সম্ভব হবে।”

বিশ্ব মান দিবস আজ
বিশ্বব্যাপী পালিত হচ্ছে ৫৬তম বিশ্ব মান দিবস। এবারের প্রতিপাদ্য—
“সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব নির্মাণে–মান।”
এ উপলক্ষে বাংলাদেশেও বিএসটিআই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।