বিনোদন ডেস্ক: দীর্ঘদিন পরে নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের মাঝে ফিরছে জনপ্রিয় ব্যান্ডদল ফিডব্যাক। প্রায় একযুগ আগে প্রকাশিত হয় দলটির সর্বশেষ অ্যালবাম ‘ফিডব্যাক ০২’। অডিও সিডি আকারে নয়, ডিজিটালি প্রকাশ পাবে জনপ্রিয়তা এবং দলটির স্বকীয়তায় তৈরী নতুন অ্যালবামটি।
নতুন অ্যালবাম নিয়ে ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য ফুয়াদ নাসের বাবু বলেন, ‘অ্যালবামের নাম এখনও চুড়ান্ত হয়নি। তবে ৬টি গান ইতোমধ্যে তৈরী হয়ে গিয়েছে। যেহেতু দীর্ঘদিন পর আসছে আমাদের নতুন অ্যালবাম, তাই শ্রোতাদের আশাও অনেক বেশি। বিষয়টি মাথায় রেখেই গানগুলো করা হয়েছে। আশা করছি সকলের আশা পূরনে সফল হবো।’
নতুন এই অ্যালবামে গান লিখেছেন গুঞ্জন চৌধুরী, আফতাব খুরশীদ, সাঈফ এবং শাহনূর রহমান লুমিন। গানের এই অ্যালবাম প্রকাশ হবে ওয়েব সাইটে, কথা চলছে দেশের শীর্ষ টেলিকম কোম্পারি সঙ্গেও। বর্তমান কাজের ব্যস্ততা এবং নববর্ষের বৈশাখী পারফর্মেন্স শেষ করেই অ্যালবামটি প্রকাশ করবে ফিডব্যাক।
১৯৭৬ সালের ৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয় ব্যন্ডদলটি। তৎকালিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে শো করে যাত্রা শুরু করে ফিডব্যাক। ১৯৮৫ সালে ‘ফিডব্যাক’ নামেই প্রকাশ করে প্রথম অ্যালবাম। এরপর ১৯৮৭ সালে ‘উল্লাস’, ১৯৯০ সালে ‘মেলা’, ১৯৯৪ সালে ‘বঙ্গাব্দ ১৪০০’, ‘১৯৯৬ সালে ‘বাউলিয়ানা’ এবং ১৯৯৭ সালে প্রকাশিত হয় একটি মাত্র গান নিয়ে তৈরী ‘দেহঘড়ি’র মত জনপ্রিয় সব অ্যালবাম।
বর্তমানে ব্যান্ডটির সদস্যগণ হলেন ফুয়াদ নাসের বাবু (কিবোর্ড) , লাবু রহমান (গিটার ও ভোকাল), এনাম এলাহী টন্টি (ড্রামস্) এবং শাহনূর রহমান লুমিন (ভোকাল)। সম্প্রতি দলটিতে যোগ দিয়েছে নতুন এক সদস্য- রায়হান। ব্যান্ডের ভোকাল লুমিনের সঙ্গেই গাইবেন তিনি।
দীর্ঘদিন পরে আসছে আকাঙ্খিত এই অ্যালবাম, তবে অডিও সিডিতে নয় কেন? প্রশ্নের উত্তরে ফুয়াদ নাসের বাবু বলেন, ‘অডিও বাজারে চলছে অস্থিতিশীলতা। তাছাড়া বিভিন্ন ব্যানার কর্তৃপক্ষর সঙ্গে কথাবর্তায় মিলছিলো না। বিশেষত কপিরাইট নিয়েই তাদের সঙ্গে আমাদের মতপার্থক্য। বর্তমানে যেহেতু ডিজিটালি অ্যালবাম প্রকাশ করার সুযোগ রয়েছে এবং তা বিশ্বের সকল শ্রোতার কাছেই পৌঁছে যায়- তাই ডিজিটালি অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

