নিজস্ব প্রতিবেদক: আসছে শনিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে তিনদিনের বইমেলা। এই প্রথম বিশ্ববিদ্যালয়ের বাংলা সংসদ এই মেলার আয়োজন করছে।
শুক্রবার মেলার আহ্বায়ক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেজাউল করিম তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
মেলার আহ্বায়ক জানান, অমর একুশে বইমেলায় বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রকাশিত গ্রন্থ নিয়ে প্রথমবারের মতো প্রকাশনা উৎসব ও তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের বাংলা সংসদ।
শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন সংলগ্ন রবীন্দ্র-মহুয়ামঞ্চে বই মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের এবং কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান। এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন সংলগ্ন রবীন্দ্র-মহুয়ামঞ্চে প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ বইমেলা চলবে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রকাশনা সংস্থাগুলো মেলায় অংশ নেবে বলে আশা আয়োজকদের।

