প্রযুক্তি ডেস্ক : মাইক্রোসফটের মালিকানাধীন নোকিয়া লুমিয়া সিরিজে যুক্ত হলো নতুন স্মার্টফোন ‘লুমিয়া ৪৩০’। এটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। ফোনটিতে অপারেটিং সিস্টেম উইন্ডোজ ফোন ৮.১ ব্যবহার করা হয়েছে। মার্কিন মুল্লুকে ফোনটির মূল্য ধরা হয়েছে ৭০ ডলার। এই ফোনে উইন্ডোজের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ ফ্রিতে আপগ্রেড করা যাবে।
লুমিয়া ৪৩০ মডেলটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটির ডুয়েল কোর সিপিউ ১.২ গিগাহার্টজ এর। এটিতে মাইক্রোসফট অফিস, স্কাইপে এবং অনড্রাইভ প্রি-ইনস্টল করা আছে।
প্রথমে কমলা এবং কালো রঙে পাওয়া যাবে লুমিয়া ৪৩০। আগামী মাসে ফোনটি মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া, রাশিয়া, কাজাকিস্তান, বেলরুসের বাজারে ছাড়া হবে। এপ্রিলের শেষেই ভারতের বাজারেও লুমিয়া ৪৩০ পাওয়া যাবে।

